বরগুনা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা উপকূলে নারকেলবাড়িয়া এলাকায় বঙ্গোপসাগরে মঙ্গলবার রাতে আটটি ট্রলারে ডাকাতি হয়েছে বলে জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা।
জলদস্যুরা দুই জেলেকে অপহরণ করেছে বলেও তারা অভিযোগ করেন।
পাথরঘাটার মাছ ব্যবসায়ী টিপু খান বুধবার সাংবাদিকদের বলেন, "নারকেলবাড়িয়া এলাকায় সংঘবদ্ধ জলদস্যু দল 'মাইজ্যা বাহিনী'র সদস্যরা আটটি ট্রলার থেকে মাছ, জাল, জ্বালানি তেল ও যন্ত্রপাতি লুট করে।"
দুই মাঝিকে জেলেরা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বলে জানান তিনি।
টিপু খান বলেন, "বুধবার মুক্তিপণ হিসাবে ১ লাখ ২০ হাজার টাকা দাবি করে ডাকাতরা অপহৃতের স্বজনদের কাছে মোবাইলে ফোন করেছে। ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিপণ না দিলে দাফনের কাপড় কিনে রাখতেও বলেছে তারা।"
বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মে মাস থেকে এ পর্যন্ত জলদস্যুরা ১৭৯ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে।
এদের ছাড়িয়ে আনার মধ্য দিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে জলদস্যুরা।
তিনি জলদস্যু দমনে উপকূলীয় রক্ষী বাহিনীসহ আইন প্রয়োগকারী সংস্থার নজরদারি আরও বাড়ানোর জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০২ ঘ.
bdnews24