২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চউকের সাত প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

একটি সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান প্রকৌশলীসহ সাত প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আলাদা ১৫টি মামলায় মোট আসামি করা হয়েছে ২৪ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2008, 08:44 AM

Updated : 26 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান প্রকৌশলীসহ সাত প্রকৌশলীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। আলাদা ১৫টি মামলায় মোট আসামি করা হয়েছে ২৪ জনকে। বাকিরা ওই সড়ক নির্মাণের ঠিকাদার। দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক শামস উদ্দিন আহমদ বাদি হয়ে বুধবার কোতোয়ালি থানায় মামলাগুলো দায়ের করেন। কমিশনের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীর অক্সিজেন মোড় থেকে কুয়াইশ পর্যন্ত দুই কোটি টাকা ব্যয়ে ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে সড়ক নির্মাণে ৮০ লাখ টাকার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। এতে চউক এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যক্তির জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছে।" তিনি জানান, ২০০১ সালে এ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়ে ২০০৭ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হয়নি। অথচ কাজ শেষ হওয়ার আগেই চউকের প্রকৌশলীদের সহায়তায় ঠিকাদাররা পুরো টাকা উঠিয়ে নিয়েছেন। একই প্রকল্পে ১৫টি মামলা দায়ের প্রসঙ্গে তিনি বলেন, "সড়ক নির্মাণের বিভিন্ন অংশে পৃথক প্রকৌশলীদের তত্ত্বাবধানে পৃথক ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করায় মামলাগুলো আলাদাভাবে করা হয়েছে।" কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চউকের বর্তমান প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার (আগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী), তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস (প্রকল্প পরিচালক), সহকারী প্রকৌশলী মো. ইলিয়াস ও নূরুল আমিন, উপ-সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার, জাহাঙ্গীর আলম ও হামিদুল হককে মামলাগুলোতে আসামি করা হয়েছে। মামলাগুলোয় সড়ক নির্মাণে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে বলে ওসি জানান। তিনি বলেন, "একই সঙ্গে ১৫টি দুর্নীতির মামলা দায়েরের ঘটনা চট্টগ্রামে সম্ভবত এটাই প্রথম।" মামলার অপর আসামিরা হলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ঐশী এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম মোহাম্মদ শামসুজ্জামান ও পরিচালক খন্দকার মো. জসীম উদ্দিন; ছালেহ বির্ল্ডাসের ছালেহ জহুর; মদিনা ট্রেডার্সের মোহাম্মদ ইসমাইল; ন্যাশনাল বিল্ডার্সের শামসুল আলম; ইসহাক অ্যান্ড ব্রাদার্সের ইসহাক চৌধুরী; ফারাহ অ্যান্ড কোম্পানির সৈয়দ মোহাম্মদ জহিরুল হক; আমান কর্পোরেশনের মোহাম্মদ আমান; নাইস এন্টারপ্রাইজের ইয়াকুব চৌধুরী; ইসলাম ট্রেডিংয়ের নূরুল ইসলাম; ফেমাস কনস্ট্রাকসনের মো. আলী আকবর ও মোহাম্মদ ইকবাল হোসেন; নূর মোহাম্মদ সেনিটারি মার্টের নূর মোহাম্মদ; জসিমউদ্দিন অ্যান্ড সন্সের জসিম উদ্দিন; থ্রি স্টার সিন্ডিকেটের আবুল কালাম আজাদ; স্টেয়ার এন্টারপ্রাইজের মঞ্জুর আহমদ ও সাইফুল্লাহ চৌধুরী। কমিশনের পরিচালক মেজর জুলফিকার জানান, ঈদের আগে এসব মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়। এ বিষয়ে প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদারের সঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৩৩৭ ঘ.