ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসপ্তমীতে সোমবার নবরূপে অধিষ্ঠিত হয়েছেন দেবী দুর্গা। মঙ্গলবার সকালে বিহিত পূজার মধ্য দিয়ে মহা অষ্টমীর শুরু। রাতে হবে সন্ধি পূজা। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজার আয়োজন করা হবে।
এসব আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই মণ্ডপে মণ্ডপে জমে উঠছে সার্বজনীন দুর্গোৎসব। তবে শিক্ষার্থীদের অনেকেই এখনো ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফেরেনি বলে ঢাকার পূজা মণ্ডপগুলোতে ভিড় অন্য বছরগুলোর তুলনায় কিছুটা কম।
ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত রনজিৎ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "সকালে নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও অর্চনা করেছি। মায়ের কাছে প্রার্থণা করি, মঙ্গলময়ী যেন পৃথিবীতে শান্তি বয়ে আনেন।"
তিনি বলেন, "দেবীর নবরূপে অধিষ্ঠিত হওয়াই নব পত্রিকা প্রবেশ।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল পূজা মণ্ডপের পুরোহিত সাধন চক্রবর্তী বলেন, "দূর্গার অপর নাম নবপত্রিকা। সকালে মাকে গৃহে প্রবেশ করিয়েছি। আজ মঙ্গলপ্রদীপ জ্বালানো হয়েছে; বিজয়ার দিন তা নেভানো হবে।"
ঢাকা মহানগরী পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক রমেন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মানিক লাল সমদ্দার সোমবার ঢাকেশ্বরী পূজা মণ্ডপে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেন। এছাড়া স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম, র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন।
দেবীর বোধনের মধ্য দিয়ে রোববার সন্ধ্যায় শুরু হয় বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় এ উৎসব।
সার্বজনীন এ উৎসবকে কেন্দ্র করে পূজা মণ্ডপগুলোতে বিরাজ করছে মেলার আমে। সব ধর্মের লোকরাই আসছেন এ উৎসবে। বৃহস্পতিবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/জেকে/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24