ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাংলাবাজারে সোমবার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্য ও বই ব্যবসায়ীদের মধ্যে অনুদান নিয়ে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। পরে দুই পক্ষ বসে সমঝোতা করে নেয়।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূজা উপলক্ষে বাংলাবাজার দুর্গোৎসব সমিতির সদস্যরা বাংলাবাজারে বই ব্যবসায়ীদের কাছে অনুদান সংগ্রহ করতে গেলে ব্যবসায়ীরা তা দিতে অপরাগতা প্রকাশ করেন। এনিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ব্যবসায়ীদের হাতে সমিতির কয়েকজন সদস্য প্রহৃত হন। পরে সন্ধ্যায় দুই পক্ষ বসে পরস্পরের সঙ্গে হাত-বুক মিলিয়ে বিবাদ মিটিয়ে ফেলে।
সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীকান্ত গোস্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩ নম্বর হরিশ চন্দ্র স্ট্রীটে তাদের পূজা মণ্ডপ। অনুদান সংগ্রহের জন্য সমিতির সহ-সম্পাদক কমল দাস দুখুসহ কয়েকজন গত শনিবার কয়েকজন বই ব্যবসায়ীদের কাছে অনুদান আনতে যায়। ব্যবসায়ীরা পরের দিন রোববার যেতে বলে। পরে আবার তাদের দেওয়া নতুন সময় অনুযায়ী সোমবার স্থানীয় বিউটি বোডিং-এর ২১ নম্বর কক্ষে অনুদান আনতে গেলে ব্যবসায়ীরা জানান: তারা স্যুভেনিরে বিজ্ঞাপন দেবেন, কোন অনুদান দেবেন না।
লক্ষ্মীকান্ত বলেন, "এনিয়ে কথা কাটাকাটি হলে ব্যবসায়ীদের কয়েকজন তাদের আটকিয়ে মারধর করে। পরে সমিতির অন্য সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে।"
তিনি জানান, বিউটি বোডিং-এ কয়েকজন বই ব্যবসায়ীদের নিয়মিত আড্ডা দেয়।
লক্ষ্মীকান্ত জানান, মারধরের ঘটনার পর সমিতির সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সন্ধ্যার পর সুত্রাপুর থানার পুলিশ ও র্যাবের উদ্যোগে পূজামণ্ডপ এলাকায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচবি/২২০৩ ঘ.
bdnews24