বাগেরহাট, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট বাজারে অভিযান চালিয়ে সোমবার বিকেলে কারেন্ট জাল, পলিথিন প্যাকেট, খাদ্যে মেশানোর ভেজাল রং, মেয়াদ উর্ত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যসহ বেশ কিছু অবৈধ পণ্য আটক করেছে টাস্কফোর্স।
নিষিদ্ধ, মেয়াদ উর্ত্তীর্ণ ও ভেজাল পণ্য রাখার অভিযোগে ১৫টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে ভারতীয় সন্দেহে আটক ৩৪টি সুতি শাড়ী পরীক্ষার জন্য খুলনা শুল্ক বিভাগে পাঠানো হয়েছে।
ঈদ ও পুজা সামনে রেখে বাগেরহাটের বাজারে নিষিদ্ধ ও অবৈধ পণ্য বিক্রির খবর পেয়ে খুলনা ২৩ রাইফেলস ব্যাটেলিয়ন, কাস্টমস ও বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।
২৩ রাইফেলস এর উপ অধিনায়ক মেজর আজাহার ও বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. বিল্লাল হোসেন খান জানান, অভিযানকালে বাজারের তিনটি দোকান থেকে প্রায় তিনশ' কেজি কারেন্ট জাল ও নিষিদ্ধ পলিথিন ব্যাগ আটক করা হয়। এই তিনটি দোকানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এ ছাড়া কয়েকটি খাবার হোটেল, মিষ্টান্ন প্রস্তুতকারী দোকান ও মুদী মনোহরী দোকানে অভিযান চালিয়ে খাবার অযোগ্য, মেয়াদ উর্ত্তীর্ণ এবং বাসি পচা খাবার আটক করা হয়েছে। দুটি দোকান থেকে আটক করা হয় ৩৪টি শাড়ি। শাড়ি মালিকরা দাবি করেছেন এগুলো দেশি শাড়ি। তাই সেগুলো পরীক্ষার জন্য খুলনা কাস্টমস বিভাগে পাঠানো হয়েছে।
তারা জানান, ত্রিশটি দোকানে অভিযান চালানো হয়েছে। এর মধ্যে অন্তত ১৫টি দোকানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০২ ঘ.
bdnews24