খুলনা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নগরীর বয়রার করিম নগর এলাকা থেকে শনিবার রাতে লাইজু (১৯) নামে এক গৃহকর্মীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গৃহকর্তা আব্দুর রব এবং তার দুই ছেলে শফিকুল ইসলাম ও শামীম আহমেদকে গ্রেপ্তার করেছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হযেছে।
আটক তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে খালিশপুর থানায় একটি মামলা হয়েছে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান জানান, বয়রা বিদ্যুৎ অফিসের পাশে করিম নগর গলিতে আব্দুর রবের বাড়িতে কাজ করত লাইজু। শনিবার রাত ১১টার দিকে লাইজুর জবাই করা লাশ রবের বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
লাইজুর স্বামীর নাম খায়রুল ইসলাম। তাদের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দাউদখালী গ্রামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24