রংপুর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'মহাজোটে' থেকে রংপুর অঞ্চলের ২২টি আসনের মধ্যে ২১টিতে নিজের দলের প্রার্থী দেবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
তিনি বলেন, "রংপুর অঞ্চলের ২২টি আসনের একটি ছাড়া বাকি ২১টি আসনের একটিতেও ছাড় দেওয়া হবে না। শুধূ নীলফামারী সদর আসনে আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান নূরকে ছাড় দেবো।"
রোববার সন্ধ্যায় রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এ কথা বলেন।
রংপুর অঞ্চলের ২১ আসনে জাতীয় পার্টির প্রার্থী কারা হবেন সেটাও চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এরশাদ বলেন, "গতবার মহাজোটের কাছে ৬০টি আসন চেয়েছিলাম। আমাকে ৫০টি আসন দেওয়া হয়েছিল। এবার আমি আরও বেশি আসন দাবি করবো।"
আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আসন বণ্টন চুড়ান্ত করা হবে বলে এরশাদ জানান।
এবার তিনি ঢাকা, হবিগঞ্জ ও রংপুর থেকে তিন আসনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন।
এরশাদ আরও বলেন, মহাজোটে থেকে নির্বাচন করলেও জাতীয় পার্টি আলাদা নির্বাচনী ইশতেহার দেবে।
মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন- জেলা জাতীয় পার্টির সভাপতি করিম উদ্দিন ভরসা, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তফা, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আহম্মেদ, এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার প্রমুখ।
রোববার এরশাদ তার ছোট ভাই জিএম কাদেরকে সঙ্গে নিয়ে লালমনিরহাট শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এরপর যান কুড়িগ্রাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৪ ঘ.
bdnews24