ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রধর্ম রাখার বিধান বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনাকে সবার ওপরে স্থান দেয়ার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত।
রোববার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, "ইসলামকে রাষ্ট্র ধর্ম করার জন্য একাত্তরে মুক্তিযুদ্ধ হয়নি। আমরা ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে যুদ্ধ করেছি।"
১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠারও দাবি জানান সি আর দত্ত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সার্বজনীন দুর্গোৎসব উপলক্ষে চারদিন সরকারি ছুটি দাবি করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত।
তিনি বলেন, "শারদীয় দুর্গা পূজায় শুধু বিজয়া দশমীর দিন সরকারি ছুটি থাকে। রাষ্ট্র্রীয় গণমাধ্যমে সীমিত পর্যায়ে অনুষ্ঠান প্রচারিত হয়। আমরা শারদোৎসবে চারদিন ছুটি দাবি করছি।"
পরিষদের ৩২ দফা দাবি তুলে ধরে মতবিনিময় অনুষ্ঠানে বলা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে সাংবিধানিকভাবে সবার সমঅধিকার প্রতিষ্ঠিত হবে, ধর্মভিত্তিক বৈষ্যমের অবসান এবং ধর্মীয় সংখ্যালঘুদের ক্ষমতায়ন ঘটবে।
এ ব্যাপারে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে অ্যাডভোকেট সত্যেন্দ্র চন্দ্র ভক্ত বলেন, "বিগত দিনে নির্বাচনসহ বিভিন্ন সময়ে আমরা (ধর্মীয় সংখ্যালঘুরা) হামলার শিকার হয়েছি। নির্যাতিত হয়েছি। এবারও শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে কিছু হামলার ঘটনা ঘটেছে। গাজীপুর, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম, কুষ্টিয়া, জামালপুরসহ বিভিন্ন স্থানে প্রতিমা ভেঙে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আপনাদের সহায়তা এবং সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছি।"
পরিষদের সভাপতি অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, "২/১টি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে। তবে সরকারের সহযোগিতা আর মনখুলে ধর্ম পালনের সুযোগ থাকায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে। এবার সারাদেশে প্রায় ২২ হাজার মণ্ডপে দুর্গা পূজা হবে যা গতবারের তুলনায় প্রায় ২ হাজার বেশি।"
অন্যান্যের মধ্যে সিপিকে হাওলাদার, চিত্তরঞ্জন মজুমদার, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সুবোধসাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দেবীর বোধন ও অধিবাসের মধ্য দিয়ে রোববার সকাল থেকে সার্বজনীন দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ৯ অক্টোবর বিজয়া দমশীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/১৯৩০ ঘ.
bdnews24