নাটোর, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর পরিশোধ না করায় নাটোরের বড়াইগ্রাম পৌরসভা থেকে একটি দুস্থ পরিবারকে ভিজিএফ কর্মসূচির (ভার্নারেবল গ্র"প ফিডিং) চাল দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌর মেয়র ইসাহাক আলী এ অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি বলেছেন পৌর সুবিধা নিতে হলে কর পরিশোধ করতে হবে।
বড়াইগ্রাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের গোয়ালফা মহল্লার ঠান্টু প্রামাণিকের ছেলে বাচ্চু প্রামাণিক সাংবাদিকদের জানান, তিনি বড়াইগ্রাম পৌরকর্তৃপক্ষের মনোনীত একজন ভিজিএফ সদস্য। সে হিসেবে তিনি ভিজিএফ কর্মসূচির চাল পেয়ে থাকেন। ঈদ সামনে রেখে গত ২৪ সেপ্টেম্বর পৌরসভা থেকে তাকে ১৫ কেজি চাল সহায়তা দেওয়ার একটি চিরকুট সরবরাহ করা হয়। পৌর মেয়রের স্বাক্ষরযুক্ত ওই চিরকুট নিয়ে তিনি ওই দিন চাল আনতে গেলে তাকে চাল সরবরাহ না করে ফিরিয়ে দেওয়া হয়।
তিনি অভিযোগ করেন, পৌর মেয়র ইসাহাক আলী তাকে পৌর কর পরিশোধ করে চাল নিতে আসার পরামর্শ দিয়েছেন। আর্থিক অনটনের কারণে তিনি কর পরিশোধ করতে না পারায় রোববার পর্যন্ত তাকে চাল দেওয়া হয়নি। ফলে অর্ধাহারে পরিবারের ছয় সদস্য নিয়ে তাকে ঈদ করতে হয়েছে।
পৌরসভার মেয়র ইসাহাক আলী বলেন, "সরকারি সার্কুলারে বলা আছে পৌর সুবিধা নিতে হলে অবশ্যই কর পরিশোধ করতে হবে।"
তবে এ কারণে বাচ্চুকে ভিজিএফের চাল না দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেছেন।
এ ব্যাপারে জেলা ত্রাণ কর্মকর্তা সুফল কৃষ্ণ মেয়রের বক্তব্যের বিরোধিতা করে বলেন, "দুস্থদের কর পরিশোধ করার বাধ্যবাধকতা নেই। আর কর দিতে পারলে তাকে ভিজিএফের আওতায় কেন নিয়ে আসা হবে।"
ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১২ ঘ.
bdnews24