২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর প্রথম দিনে অফিসগুলোতে উপস্থিতি ভালো

টানা চারদিনের ঈদের ছুটির শেষে অফিস খোলার প্রথম দিন রোববার সরকারি অফিসগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার যথেষ্ট ভালো ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2008, 01:09 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চারদিনের ঈদের ছুটির শেষে অফিস খোলার প্রথম দিন রোববার সরকারি অফিসগুলোতে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতির হার যথেষ্ট ভালো ছিল। তবে সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ অফিসে দর্শনার্থী ও তদবিরকারীদের তেমন ভিড় দেখা যায়নি। বরং কর্মকর্তা ও কর্মচারীরা অনেকটা নিরিবিলি সময় কাটিয়েছেন। হাতেও তেমন কাজ ছিল না। বেশিরভাগই ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে সময় কাটিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও জ্বালানি সচিব মোহম্মদ মহসীন জানিয়েছেন, সচিবালয়ে রোববার উপস্থিতির হার ছিল প্রায় ৮০ শতাংশ। তাদের মতে সরকারি কর্মীরা এখন আগের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল এবং কর্মমূখী হয়েছেন। তাই খোলার সঙ্গে সঙ্গেই অফিসে চলে এসেছেন। কর্মকর্তা-কর্মচারীদের অনেকে বলেছেন, অন্য বছরের তুলনায় এবার ঢাকার বাইরে লোক কম যাওয়ায় অফিসে উপস্থিতির হার বেশি। তবে হিন্দু কর্মীদের উপস্থিতি খুব কম। তাদের অফিসমুখী হতে আগামী সপ্তাহ চলে যেতে পারে। কারণ আগামী বৃহস্পতিবার থাকবে পুঁজার ছুটি। এরপর শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকবে। তই অফিসে উপস্থিতি স্বাভাবিক হতেও আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিকে সচিবালয় ঘুরে ও বিভিন্ন পর্যায়ের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল সাড়ে নয়টার মধ্যে উপদেষ্টাদের কয়েকজন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীদের মধ্যে যারা ঢাকায় আছেন, তারা সচিবালয়ে নিজ নিজ দপ্তরে প্রবেশ করেন। দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতির বিষয়ে নিয়ে যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদেরের কার্যালয়ে পাঁচ উপদেষ্টা বৈঠক করেন। তবে বৈঠকের ব্যাপারে তারা কোন কথা বলতে রাজী হননি। শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এএফ হাসান আরিফ এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বা দেশে রয়েছেন এমন সচিব এবং অন্য পর্যায়ের কর্মকর্তারা সময় মতোই অফিসে চলে আসেন। কর্মকর্তারা রোজার আগের সময়সূচি অনুযায়ী রোববার থেকে অফিস শুরু করেছেন। এখন থেকে যথারীতি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পযন্ত অফিস খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এমকে/এমএইচবি/১৮৫৭ ঘ.