ঝিনাইদহ, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামে দুদল গ্রামবাসীর সংঘর্ষে বজলুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, কর্ম সৃজন প্রকল্পের আওতায় মাটি কাটতে বাধ দেওয়ার জের ধরে রোববার সকালে বেড়বাড়ি গ্রামের তোবারকের ছেলে আলতাফ হোসেনকে প্রতিপক্ষরা বেধড়ক পেটায়।
এ নিয়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওই গ্রামের ইউপি সদস্য একরামুল কবিরের লোকজনের সঙ্গে টোকন জোয়াদ্দার পক্ষের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের সাতজন আহত হন।
আহতদের মধ্যে চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। মুমূর্ষু অবস্থায় বজলুর রহমানকে ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।
ওসি জানান, এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৩ ঘ.
bdnews24