২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট ও জয়পুরহাটে দুই গৃহবধূ হত্যা

বাগেরহাটের চিতলমারীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এদিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের চিতলমারীতে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এদিকে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আমাদের বাগেরহাট প্রতিনিধি জানান, বুধবার রাতে বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের কামরুল ইসলামের স্ত্রী সালমা বেগমকে (২৫) শ্বাসরোধ করে হত্যা করা হয়। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। সালমার বাবা শের আলী মোল্লা এ ব্যাপারে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এতে কামরুল ইসলামসহ তার পরিবারের পাঁচ সদস্যকে আসামি করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন বছর আগে কামরুল ইসলামের সঙ্গে সালমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই কামরুল তার স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে। বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতনেরও শিকার হন সালমা। ঈদের আগের দিন রাতে কামরুল তাকে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পর থেকে কামরুল ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। জয়পুরহাট প্রতিনিধি জানান, ক্ষেতলার উপজেলার সুত্রাইল গ্রামে বৃহস্পতিবার হাসিনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব জানান, হাসিনার স্বামী আব্দুল মুমিন ঢাকায় রিক্সা চালান। বৃহস্পতিবার রাতে হাসিনা তার শিশু সন্তানকে নিয়ে নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। সকালে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। আব্দুল ওহাব বলেন, জমি নিয়ে শত্র"তার জের ধরে প্রতিপক্ষরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৭৪০ ঘ.