কুমিল্লা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনায় দুটি সড়ক দুর্ঘটনায় শুক্রবার অন্তত ৫০ জন আহত হয়েছে। দাউদকান্দির জিগাতলীতে দুই বাসের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। চান্দিনার নাওতলায় একটি মাইক্রোবাস রাস্তার পাশে পানিতে পড়ে আহত হয়েছে অন্তত ১০ জন।
দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জিগাতলী এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির অন্তত ৪০ যাত্রী আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে দাউদকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
অপর দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে চান্দিনার নাওতলা এলাকায়।
চান্দিনা থানার উপপরিদর্শক রমিজ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে গেলে ১০ আরোহীর সবাই কমবেশি আহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১১৪০ ঘ.
bdnews24