শেরপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের পর বুধবার সারাদেশের সঙ্গে ব্যতিক্রম করে ঈদ পালন হলো উত্তরের জেলা শেরপুরের একটি গ্রামে।
শরীয়তপুর জেলার সুরেশ্বর পীরের বড়ছেলে পীরজাদা শাহনুরে বেলায়েত হোসেন লাল মিয়ার অনুসারী শেরপুর সদর উপজেলার কয়েকশ' মানুষ বুধবার ঈদ-উল-ফিতর পালন করছেন।
উপজেলার বেতসারি ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামের ঈদগাহ মাঠে সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন পীর লাল মিয়ার অনুসারী হাসু মুন্সি।
এ গ্রামের পাঁচশ'র বেশি বাসিন্দা বংশ পরম্পরায় আরব বিশ্বের সঙ্গে মিল রেখে আগাম ঈদ করে আসছেন।
মঙ্গলবার একই গ্রামের সুরেশ্বর পীরের ছোট ছেলে পীরজাদা চুন্নুমিয়ার অনুসারী দুই শতাধিক লোক ঈদ-উল-ফিতরের আগাম নামাজ আদায় করেন।
শেরপুরের ঈদের জামাত
এদিকে বৃহস্পতিবার শেরপুরের ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায় পৌর ঈদগাহ মাঠে ।
এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টায় মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে শেখহাটি ইদ্রিসিয়া আলিম মাদ্রাসা ঈদগাহ মাঠ, বাটারাঘাট ঈদগাহ মাঠ, মাইসাহেবা মসজিদ ঈদগাহ মাঠ, কাজীবাড়ী পুকুর পাড় ঈদগাহ মাঠ ও চাঁপাতলি ঈদগাহ মাঠে।
এর মধ্যে শেখ হাটি ইদ্রিসিয়া মাদ্রাসা ঈদগাহ মাঠে মহিলাদের নামাজের বিশেষ ব্যবস্থা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসকে/১৫১৮ঘ.
bdnews24