২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে মারধরে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণ দিচ্ছে বিজিএমইএ

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় বুধবার রাতে মালিকপক্ষের লোকজনের মারধরে খোকন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মালেক (৩০) নামে গুরুতর আহত আরেক শ্রমিককে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কারখানার ব্যবস্থাপক ও এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2008, 04:48 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় বুধবার রাতে মালিকপক্ষের লোকজনের মারধরে খোকন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মালেক (৩০) নামে গুরুতর আহত আরেক শ্রমিককে ভর্তি করা হয়েছে পঙ্গু হাসপাতালে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কারখানার ব্যবস্থাপক ও এক নিরাপত্তা প্রহরীকে আটক করেছে। বৃহস্পতিবার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ তৈরি-পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা কারখানার মালিকপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেন। সেখানে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। মিরপুর এক নম্বরের ওয়ার্ল্ড ড্রেসেস লিমিটেড গার্মেন্টস নামের পোশাক কারখানাটি ভারটেক্স গ্র"পের অঙ্গ-প্রতিষ্ঠান। আহত শ্রমিক মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, টাকা চুরির অভিযোগে বুধবার রাত ১০টার দিকে কারখানা মালিকের বড় ভাই মোশারফ ও উৎপাদন ব্যবস্থাপক (পিএম) আশরাফসহ কয়েকজন খোকন ও তাকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় গভীর রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা খোকনকে মৃত ঘোষণা করলে কারখানার কর্মকর্তারা লাশ ফেলে পালিয়ে যান। বৃহস্পতিবার সকালে আহত মালেককে স্থানান্তরিত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানা শ্রমিকরা জানান, সকালে কাজে যোগ এসে তারা জানতে পারেন জেনারেটরে ত্র"টির কারণে কারখানা কয়েকদিন বন্ধ থাকবে। পরে সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে গিয়ে তারা খোকনের লাশ সনাক্ত করেন। বৃহস্পতিবার রাতে বিজিএমইএ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। এতে মারধরে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ স্বীকার করে বলা হয়, 'বুধবার কারখানা ছুটি হওয়ার পর নিরাপত্তা প্রহরীরা বাথরুমে দুজন শ্রমিককে লুকিয়ে থাকতে দেখে। প্রহরীরা ওই শ্রমিকদের মারধর করলে খোকন নামে একজন মারাত্মক আহত হয়। খোকনকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।" বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিজিএমইএ এর নেতারা কারখানার মালিকপক্ষের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেখানে নিহতের পরিবারকে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে বৃহস্পতিবার নগদ এক লাখ টাকা এবং লাশ গ্রামের বাড়িতে পাঠানো ও দাফনসহ প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। মিরপুর থানার উপ-পরিদর্শক তোফায়েল হোসেন সন্ধ্যা সাড়ে ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা শুনেছি কারখানা থেকে কিছু টাকা খোয়া যাওয়ায় সন্দেহবশত দুই শ্রমিককে মারধর করা হয়। এ ব্যাপারে আহত শ্রমিক মালেক একটি মামলা দায়ের করবেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে কারখানার নিরাপত্তা প্রহরী রহিম ও ব্যবস্থাপক মারুফকে আটক করা হয়েছে।" অন্যদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রালয়ে বৃহস্পতিবার 'ক্রাইসিস ম্যানেজমেন্ট' কমিটির জরুরি বৈঠকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম সচিবের সভাপতিত্বে বৈঠকে এ ঘটনাকে কেন্দ্র করে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএইচবি/২২৩৫ ঘ.