কুমিল্লা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক কৃষিমন্ত্রী এমকে আনোয়ার ও তার ছেলে কায়সার আনোয়ার, কুমিল্লার সাবেক পুলিশ সুপার (এসপি) আওরঙ্গজেব মাহাবুব ও ১২ পুলিশ কর্মকর্তাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ভাংচুর ও লুটপাটের অভিযোগে তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার কুমিল্লা বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার একেএম সালাউদ্দিন আহম্মেদ।
সিনিয়র বিচারিক হাকিম মো. আমিন মামলাটি গ্রহণ করে দাউকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
মামলার অপর আসামিরা হলেন- সাবেক এসপি (মুরাদনগর সার্কেল) হুমায়ুন কবির, দাউদকান্দি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহম্মেদ, ওই থানার সাবেক উপ-পরিদর্শক রফিকুল ইসলাম সেলিম, সহিদ, মর্তুজা আলী ও মিজানুর রহমান ও কনস্টেবল সামসু ওরফে সামসু ক্যাশিয়ার। এছাড়া মেঘনা থানার সাবেক ওসি নির্মেলেন্দু বিকাশ চক্রবর্তী, হোমনা থানার সাবেক উপ-পরিদর্শক মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, হোমনা-মেঘনা উপজেলার বিএনপিদলীয় সাবেক সাংসদ ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এমকে আনোয়ারের অবৈধ চাঁদা আদায়, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে দৈনিক ইনকিলাব পত্রিকায় বাদী ধারাবাহিক সংবাদ প্রকাশ করেন একেএম সালাউদ্দিন আহম্মেদ।
এতে তৎকালীন কৃষিমন্ত্রী ও তার দলীয় লোকজন তার বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী, দাউদকান্দি, হোমনা, মেঘনা, রমনা থানা ও ঢাকার সিএমএম আদালতে দ্রুতবিচার আইনসহ অন্যান্য ধারায় ৩০টি মামলা দায়ের করেন।
এসব মামলায় সালাউদ্দিন ১৬ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১৪ জানুয়ারি জামিনে ছাড়া পান।
অভিযোগে আরও বলা হয়, এমকে আনোয়ারের নির্দেশে তার লোকজন ২০০৫ সালের ৩ আগস্ট দুপুর পৌনে ১টায় সালাউদ্দিনের নিজ বাড়ি দাউদকান্দি রওশন ভিলায় ঢুকে ঘরের দরজাসহ অন্যান্য মূল্যবান মালামাল ভাংচুর এবং ৪টি মোবাইল ফোন সেট, ১টি কম্পিউটার, ১টি রঙিন টেলিভিশন, স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে।
এছাড়া তার বৃদ্ধ মা ও বোনদের এলোপাথাড়ি মারধর করে বলেও সালাউদ্দিন অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৩ ঘ.
bdnews24