২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনার কাজ বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়ার উদ্যোগ

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আগামী দুই মাসের মধ্যে নগরীর ১০টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কাজ শুরু হবে। নিষ্কাশিত আবর্জনার পরিমাণের ওপর ভিত্তি করে ঠিকাদারদের টাকা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বর্জ্য ব্যবস্থাপনা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আগামী দুই মাসের মধ্যে নগরীর ১০টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এ কাজ শুরু হবে। নিষ্কাশিত আবর্জনার পরিমাণের ওপর ভিত্তি করে ঠিকাদারদের টাকা দেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নগরীকে আরও পরিচ্ছন্ন রাখতেই আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৭ জানুয়ারি কর্পোরেশনের সভায় এ সিদ্ধান্ত হয়।" তিনি জানান, দরপত্রের মাধ্যমে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০টি ওয়ার্ডে আবর্জনা নিষ্কাশনের দায়িত্ব দেওয়া হবে। নিষ্কাশিত আবর্জনার পরিমাণের ওপর ভিত্তি করে তাদের টাকা দেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে সিটি কর্পোরেশন একটি কমিটি গঠন করেছে। ঢাকা ও খুলনা সিটি কর্পোরেশনে পরিচালিত বেসরকারি পর্যায়ে আবর্জনা নিষ্কাশনের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে কমিটিকে শিগগিরই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কর্পোরেশনের কর্মকর্তারা জানান, আবর্জনা নিষ্কাশনে ব্যবহৃত চসিক এর ৪৮টি গাড়ির অধিকাংশই দীর্ঘদিন ধরে অকেজো এবং অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা শ্রমিকদের কাজে গাফিলতির কারণে নগরী পরিচ্ছন্নতা কার্যক্রম দীর্ঘদিন ধরে ব্যাহত হচ্ছিল। এদিকে আবর্জনা নিষ্কাশন ব্যবস্থা বেসরকারি প্রতিষ্ঠানের হাতে গেলে কর্পোরেশনের স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে কর্মরত প্রায় ১৭০০ শ্রমিক বেকার হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এ প্রসঙ্গে মনজুর আলম বলেন, বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠানগুলো নতুন করে শ্রমিক নিয়োগ দেবে, না কর্পোরেশনের জনবল ব্যবহার করবে তা আলোচনার ভিত্তিতেই ঠিক করা হবে। তবে শ্রমিকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। নতুন প্রক্রিয়ায় ভালো ফল আসবে বলে আশা করছেন সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা এস এম কাতেবী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সঠিকভাবে চালাতে পারলে এ প্রক্রিয়ায় ভালো ফল আসবে। তবে কর্পোরেশনের ১৭০০ শ্রমিকের স্বার্থ বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএআর/এমআই/১৯২৭ ঘ.