সাতক্ষীরা/যশোর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন কিংবা সরকারি নির্দেশ নয়, আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। এ কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বুধবার যশোর ও সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত দুটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় দুদক চেয়ারম্যান দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
হাসান মশহুদ চৌধুরী বলেন, "শুধু সরকারি নির্দেশ বা আইন দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, আত্মশুদ্ধির মাধ্যমে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। আত্ম-নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা দুর্নীতির মতো ব্যাধিকে রোধ করতে পারব না।"
তিনি বলেন, "দেশের পাঁচ ভাগ লোক দুর্নীতি করে আমাদের সবার মুখে কালিমা লেপে দিয়েছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।"
দুর্নীতি প্রতিরোধে সবাইকে অশঙ্ক চিত্তে কাজ করার আহ্বান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, "নিরাপত্তার কথা ভেবে হাতগুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের এমন কিছু করে যেতে হবে, যাতে ভবিষ্যত প্রজন্ম আমাদের নিয়ে গর্ব করতে পারবে।"
সভা দুটিতে দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক আবু তালেব মিয়া, যশোর ও সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএইচ/এমআই/১৭২৭ ঘ.
bdnews24