ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সদর উপজেলায় বাহারছড়া গ্রামে বাড়ির উঠানে খেলার সময় হারিয়ে যাওয়া দুই ভাইবোনের লাশ পাশের ঈদগাঁও নদী থেকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে।
এদিকে বগুড়ার যমুনার চর থেকে উদ্ধার করা হয়েছে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের লাশ।
আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ--
কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও নদী থেকে মঙ্গলবার মো. আবদুল ফায়েজ (৭) ও তার বোন উম্মে সালমা তপির (৩) লাশ উদ্ধার করা হয়েছে।
শিশুদের পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেলে বাড়ির উঠানে খেলা করা অবস্থায় তারা হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গভীর রাতে ঈদগাঁও নদীতে ফায়েজের লাশ পাওয়া যায়। মঙ্গলবার সকালে পাওয়া যায় সালমার লাশ।
এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক জাহেদুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
এই দুই শিশু জালালাবাদ ইউনিয়নের বাহারছড়া গ্রামের কৃষক ছৈয়দ আলমের ছেলে ও মেয়ে।
বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সংলগ্ন যমুনা নদীতে নৌকাডুবির ছয়দিন পর আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এরা হলেন- আব্দুল আহাদ (৫০), আব্দুল গফুর (৫৫) ও কাইলা (৫৫)।
মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া চর থেকে আব্দুল আহাদ, শানবান্দা খাশরাজবাড়ি চর থেকে আব্দুল গফুর এবং চন্দনবাইশা গ্রোয়েনের কাছে কাইলার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
গত ২৩ জানুয়ারি বগুড়ার সারিয়াকান্দির নান্দিনার চরের কাছে যমুনা নদীতে ঝড়ো হাওয়ায় নৌকাটি উল্টে যায়। আব্দুল জব্বার নামে এক জনের লাশ সেদিনই উদ্ধার করা হয়। মঙ্গলবার তিনজনের জনের লাশ পাওয়া গেল
bdnews24