ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সোমবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারামুক্ত শিক্ষকরা।
'নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন' (ছাত্রদল-খালেদাপন্থী) এর ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণাপত্রে নির্যাতন প্রতিরোধ ছাত্র আন্দোলন ২১ ফেব্র"য়ারির আগেই জরুরি অবস্থা তুলে নেয়াসহ গত আগস্টের ছাত্র-বিক্ষোভের ঘটনায় সারা দেশে দায়ের করা সব মামলা প্রত্যাহার ও আটক সবার মুক্তি দাবি করা হয়।
সমাবেশে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ বলেন, "শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব মামলা চালালে তাদের ভবিষ্যৎ জীবনের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। কারণ সরকারি বিধি অনুযায়ী মামলা থাকলে বা দণ্ডাদেশ হলে সরকারি চাকরি করা যায় না।"
তিনি আরও বলেন, "আমরা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাদের কোনো সরকারের আমলেই সরকারি চাকরির দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেই আমরা সন্তুষ্ট। কিন্তু শিক্ষার্থীদের সরকারি চাকরির প্রয়োজন আছে। তাই বিভিন্ন মহল থেকে সব মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি বারবার দাবি জানানো হচ্ছে।"
অধ্যাপক হারুন সরকারের উদ্দেশে বলেন, "রাজনীতি ও গণতন্ত্রের বিকল্প নেই। তাই জরুরি অবস্থা দ্রুত প্রত্যাহার করে নির্বাচনের তারিখ ঘোষাণা করুন।"
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। সেই ঐতিহ্য অনুসরণ করেই গত বছরের ২০ আগস্ট শিক্ষার্থীরা প্রতিবাদ করেছিল।"
ছাত্র আন্দোলনের সঙ্গে শিক্ষকদের সম্পৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, "কাউকে আন্দোলনে উসকানি দেয়ার জন্য নয় বরং প্রকৃত সত্যটাই আমরা তুলে ধরেছি।"
দেশ থেকে 'ভয়ের শাসন' দূর করতে দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের তারিখ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান অধ্যাপক আনোয়ার।
অধ্যাপক নিমচন্দ্র ভৌমিক বলেন, "অকারণে যাতে কেউ হয়রানি না হয় তা নিশ্চিত করতে আটক সব শিক্ষার্থীর মুক্তি নিশ্চিত করতে হবে। এতে করে বিচার বিভাগের স্বাধীনতাও প্রমাণিত হবে।"
সংবর্ধনা অনুষ্ঠানে হুইল চেয়ারে করে উপস্থিত হন সাংবাদিক নির্মল সেন। তার পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান তার নাতি সমীরণ রায়।
গত আগস্টের ছাত্র বিক্ষোভের বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনটি প্রকাশের দাবি জানিয়ে নির্মল সেনের লিখিত বক্তব্যে বলা হয়, ওই সময়ের সব নির্যাতনের বিচার হওয়া উচিত।
বিভিন্ন মামলায় মুক্তি পাওয়া শিক্ষার্থীরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/জেকে/এমএইচবি/২০৩০ ঘ.
bdnews24