২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলায় টিকিট লাগবে না

একুশে বইমেলার প্রবেশ মূল্য চালু করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ মেলায় ঢুকতে টিকিট লাগবে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শরফুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "বিভিন্ন মহলের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলায় প্রবেশ মূল্য না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একুশে বইমেলার প্রবেশ মূল্য চালু করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ মেলায় ঢুকতে টিকিট লাগবে না। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. শরফুল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেন, "বিভিন্ন মহলের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলায় প্রবেশ মূল্য না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এর আগে বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলায় প্রবেশ মূল্য দুই টাকা নির্ধারণ করার কথা বলেছিলেন। প্রবেশ মূল্য বাবদ পাওয়া অর্থ গবেষণা ও প্রকাশনার কাজে ব্যয় করার কথা ছিল। সংস্কৃতি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জানান, এবারের মেলায় মোট ৩৬০টি স্টল থাকছে। এই সংখ্যা গতবারের চেয়ে ৭০টি কম। দর্শনার্থীদের চলাফেরার সুবিধার জন্য স্টলের সংখ্যা কমানো হয়েছে বলে সচিব জানান। মেলার সার্বিক নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য মেলার ভেতরে ও বাইরে মোতায়েন থাকবে। মেলা প্রাঙ্গণের বিভিন্নস্থানে ক্লোজড সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। দুটি প্রবেশ পথে ছয়টি আর্চওয়ে বা মেটাল ডিটেকটর রাখা হয়েছে। শরফুল আলম আরও জানান, মেলায় ঢোকার পথ থাকবে দুটি এবং বের হওয়ার একটি। টিএসসি ও দোয়েল চত্ত্বর থেকে তিনটি করে মোট ছয় সারিতে দর্শনার্থীরা মেলায় ঢুকতে পারবেন। টিএসসির দিক থেকে আসা তিনটি সারি ঢুকবে একাডেমীর সেলস সেন্টারের পাশের গেট দিয়ে। বাকি তিন সারি দোয়েল চত্বরের দিক থেকে এসে প্রধান গেট দিয়ে ভেতরে ঢুকবে। এদিকে বাংলা একাডেমীর কর্মকর্তারা জানান, একুশে বইমেলার সাজসজ্জার কাজ এবারই প্রথম বেসরকারি সংস্থার মাধ্যমে করা হয়েছে। 'স্টেইপ মিডিয়া' নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এ দায়িত্ব পালন করেছে। এবারের বইমেলায় দর্শনার্থীদের সুবিধার জন্য ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে তথ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন প্রকাশিত সব বইয়ের মোড়কও এক জায়গায় প্রদর্শনের ব্যবস্থা থাকবে। লিটল ম্যাগাজিনগুলো একটি স্টলে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া, সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার, মেলার বাইরে খাবার ও টয়লেটের ব্যবস্থা থাকবে। মেলায় দেশের প্রথম অনলাইন সংবাদপত্র ও বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর 'বইমেলা নিউজ রুম' থাকবে। সেখানে মেলায় প্রকাশিত বই, আয়োজিত অনুষ্ঠানমালা এবং প্রতি মুহূর্তের খবর নিয়মিত পরিবেশনের ব্যবস্থা থাকবে। 'বইমেল নিউজ রুম' সংলগ্ন জায়ান্ট স্ক্রিনে তা দেখা যাবে। এছাড়া রেডিও ফুর্তি, রেডিও টুডে, রেডিও আমার ও ভয়েস অব আমেরিকার স্টল থাকবে এবারের মেলায়। সোমবার মোট ৫৩টি সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ষ্টল বরাদ্দ পেয়েছে। এছাড়া লিটল ম্যাগাজিনের জন্য ২৩টি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। এর আগে রোববার ৫২টি বাণিজ্যিক প্রকাশনা সংস্থাকে এক ইউনিট, ৬২টি প্রতিষ্ঠানকে দুই ইউনিট এবং ২২টি সংস্থাকে তিন ইউনিটের স্টল বরাদ্দ করা হয়। লিটল ম্যাগাজিনের জন্য ৩১ জানুয়ারি লটারির মাধ্যমে স্থান নির্ধারণ করা হবে। এছাড়া বাংলা একাডেমী গেট থেকে তিন নেতার মাজার পর্যন্ত রাস্তার দুই ধারে খাবারের দোকানের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে মহাপরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ আগামী ১ ফেব্র"য়ারি অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মেলা চলবে ২৯ ফেব্র"য়ারি পর্যন্ত। এদিকে স্টল বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলো তাদের সাজসজ্জার কাজ শুরু করে দিয়েছে। শুক্র ও শনিবার বৃষ্টির জন্য মেলার প্রস্তুতির কাজ ঢিমেতালে চললেও এখন পুরোদমে চলছে বলে জানান উপ পরিচালক (সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ) মুর্শিদ আনোয়ার। বাংলা একাডেমী কর্তৃপক্ষ এবারই প্রথম সংবাদ কর্মীদের কাজের সুবধার জন্য মেলায় অনলাইন সেবা চালু করতে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এমডিএস/এমআই/জেকে/২০৩৭ ঘ.