ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে করা একটি চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট।
মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা এবং নাজমুল হুদা ও তার ভাই কামরুল হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করেছে আদালত।
বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি শহীদুল ইসলামের বেঞ্চ ব্যারিস্টার নাজমুল হুদা ও কামরুল হুদার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেয়।
স্বরাষ্ট্র সচিব, মুন্সিগঞ্জের জেলা প্রশাসকসহ পাঁচজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
নাজমুল হুদা ও তার ভাইয়ের পক্ষে রিটের শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট আশানুর রহমান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
মুন্সিগঞ্জের দোহারের আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী এক লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ব্যারিস্টার নাজমুল হুদা ও তার ভাই কামরুল হুদাসহ ৫ জনের বিরুদ্ধে দোহার থানায় এই মামলাটি দায়ের করেন।
গত বছরের আগস্টে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় নেয় সরকার। ৯ জানুয়ারি বিশেষ আদালত ব্যারিস্টার নাজমুল হুদা ও তার ভাই কামরুল হুদাসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
আসামিদের পক্ষ থেকে বিশেষ জজ আদালতে একজন সাক্ষীর সাক্ষ্য প্রত্যাহারের আবেদন জানালে আদালত তা নাকচ করে দেন। এসব চ্যালেঞ্জ করে রিট করেন নাজমুল হুদা ও তার ভাই।
নাজমুল হুদার বিরুদ্ধে আরও কয়েকটি চাঁদাবাজির আদালতে বিচারাধীন। একটি ঘুষ গ্রহণ মামলায় এরই মধ্যে তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯৫৭ ঘ.
bdnews24