ঝালকাঠি, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির সাবেক সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করার মামলায় তিনজনকে দশ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার ঝালকাঠির প্রথম জেলা যুগ্ম জজ আদালতের বিচারক মো. লিয়াকত আলী মোল্লা এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পালট গ্রামের মোস্তাফিজুর রহমান ও মো. সামদুদ্দোহা এবং নলসিটি উপজেলার কামদেবপুর গ্রামের মো. শহীদ। এরা সবাই পলাতক রয়েছেন। এ মামলার সাত আসামির মধ্যে বাকি চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমানের বাবা মো. জব্বার বেপারীর বিরুদ্ধেএকটি মামলা পরিচালনা করেন তৎকালীন এপিপি আনোয়ার হোসেন। বিচারে জব্বার বেপারীর সাজা হয়। ২০০২ সালের ২৪ ডিসেম্বর আনোয়ার হোসেন পালট গ্রামে বাড়ি যাওয়ার পথে মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সাত ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে।
এ ব্যাপারে আনোয়ার হোসেনের স্ত্রী তাসলিমা বেগম ৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
অ্যডভোকেট আনোয়ার হোসেন এখন পঙ্গু জীবনযাপন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০০৩৪ ঘ.
bdnews24