চট্টগ্রাম, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের ছোট ভাই মারুফ নিজাম এবং নৌ বাণিজ্য অধিদপ্তরের সাবেক মুখ্য কর্মকর্তা (প্রিন্সিপাল অফিসার) ক্যাপ্টেন হাবিবুর রহমান ও তার স্ত্রী কোহিনুর সুলতানার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন রোববার নগরীর ডবলমুরিং থানায় তাদের বিরুদ্ধে মামলা দুটি করে।
ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারুফ নিজামের বিরুদ্ধে দুর্নীত দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক আবুল কালাম আজাদ এবং ক্যাপ্টেন হাবিবুর রহমান ও তার স্ত্রী কোহিনুর সুলতানার বিরুদ্ধে সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম পৃথকভাবে দুটি মামলা দায়ের করেছেন।
তিনি জানান, তিনজনের বিরুদ্ধে অসৎ উপায়ে সম্পত্তি অর্জন, সম্পত্তির উৎস ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৩ লাখ ৩৯ হাজার ২৪৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং ৮ লাখ ২৯ হাজার ৫১৮ টাকার সম্পত্তির তথ্য গোপনের দায়ে মারুফ নিজামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি জানান, মারুফ নিজাম দুদকে ৩১ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার সম্পত্তির হিসাব বিবরণী দাখিল করেন। কিন্তু দুদকের অনুসন্ধানে মারুফ নিজামের ৪০ লাখ ২১ হাজার ২০৮ টাকার সম্পত্তির তথ্য পাওয়া গেছে।
অপরদিকে, উপ-পরিদর্শক মর্জিনা আক্তার জানান, হাবিবুর রহমান ও তার স্ত্রী দুদকে ১ কোটি ২৫ লাখ ১২ হাজার ৩০০ টাকার সম্পত্তির হিসাব জমা দিলেও অনুসন্ধানে ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজার ৩৭৮ টাকার সম্পত্তির তথ্য পাওয়া গেছে বলে দুদকের অভিযোগে বলা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, হাবিবুর রহমান সরকারি ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেন এবং তথ্য গোপন করেন।
চট্টগ্রামের বহুল আলোচিত বিএনপি নেতা ও ব্যবসায়ী জামাল উদ্দীন অপহরণ ও হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মারুফ নিজাম বর্তমানে পলাতক।
অপরদিকে, যৌথ বাহিনীর হাতে আটক নৌ বানিজ্য অধিদপ্তরের কর্মকর্তা হাবিবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24