বরিশাল, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল সিটি কর্পোরেশনের পলাশপুর এলাকায় বিতরণ করা জাতীয় পরিচয়পত্র ভুলে ভরা। নির্বাচন কার্যালয় থেকে বলা হয়েছে, আবেদন করে নাম-পরিচয় সংশোধন করা যাবে।
রোববার নগরীর পলাশপুর এলাকার দলিলউদ্দিন স্কুল মাঠে রোববার সকাল থেকে জাতীয় পরিচয়পত্র বিতরণের কাজ শুরু হয়।
এখান থেকে কাজী মকবুল আহম্মেদের ছেলে কাজী বশির উদ্দিন আহম্মেদ (২৮) তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্ডে তার জন্ম ১৯৩৮ সাল এবং তার মায়ের জন্ম ১৯৪৬ উল্লেখ রয়েছে।
পলাশপুর এলাকার সাবেক ওয়ার্ড কমিশনার প্রার্থী জিয়াউল হক চিসতি নাদের বলেন, তার কার্ডে কোন ঠিকানা উল্লেখ নেই।
সংরক্ষিত আসনের মহিলা কমিশনার জাহানারা বেগম বলেন, তার কার্ডে যে ছবি রয়েছে তা এতই অস্পষ্ট যে কার্ডের ছবিটি তার নিজেরই বিশ্বাস হয় না।
বরিশাল থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক মতবাদ এর প্রকাশক আবদুর রাজ্জাক বলেন, তার কার্ডে এলাকার নাম ঠিকানা উল্লেখ নেই।
পলাশপুরের কমিশনার মাঈনুল হক চিসতি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওয়ার্ডের আট হাজার আট'শ জনের কার্ডের মধ্যে অধিকাংশ কার্ডে কোন ঠিকানা উল্লেখ নেই। এমন কি অনেকের নাম এবং বাবার নামে ভূল রয়েছে। তাই এই ভূলে ভরা পরিচয়পত্র নিয়ে লোকজন বিপাকে পড়েছেন।
পলাশপুর ওয়ার্ডের সহকারী নিবন্ধন কর্মকর্তা মো. মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ওয়ার্ডে প্রথম পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়।
তিনি জানান, মাঠকর্মীরা এলাকাবাসীর কাছ থেকে যে প্রাথমিক তথ্য নিয়েছেন সেগুলো ঠিক থাকলেও কম্পিউটার অপারেটরদের কারণে কার্ডে ভুল তথ্য এসেছে।
বরিশাল সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কার্ডে যথেষ্ট ভূল রয়েছে। এ ভূল সংশোধনের জন্য পরিচয়পত্রধারীকে আবেদন করতে হবে।
তিনি বলেন, "আবেদন করলে আমরা স্থানীয় সেনাক্যাম্পের মাধ্যমে কার্ডের ভূলত্র"টি সংশোধন করে সময়মত আবার সরবরাহ করব।"
বরিশাল সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু সাঈদ মোহম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কম্পিউটারে ডাটা এন্ট্রির পর সংশোধিত কপি নির্বাচন কার্যালয়ে দেওয়া হয়েছিল। তারা সঠিকভাবে প্রতিটি কার্ডের তথ্য যাচাই-বাছাই করেননি। সে কারণে কিছু কিছু কার্ডে ভুলক্রটি থেকে যেতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএসবি/১৫৫৪ ঘ.
bdnews24