ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতারা সরকারের কাছে শর্তহীন সংলাপ দাবি করেছেন। তাদের অভিমত, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ হতে হবে শর্তহীন। তবেই এ সংলাপ অর্থবহ হবে।
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকালে আয়োজিত এক আলোচনা সভায় নেতারা এ কথা বলেন। একই সঙ্গে তারা দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার জন্যও সরকারের কাছে দাবি জানান।
এছাড়া বক্তারা সরকারের কাছে দাবি জানান, তারা যেনো জাতিসংঘের কাছে শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা মহানগর কমিটির উদ্যোগে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের নগর কমিটির সভাপতি জামাল উদ্দিন মোহাম্মদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, শাহ এএমএস কিবরিয়ার পুত্র রেজা কিবরিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এতে আব্দুর রাজ্জাক সরকারের উদ্দেশ্যে বলেন, "নীতিমালা ঠিক করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করুন। সংলাপ করে দ্রুত নির্বাচন দিন।"
তিনি নির্বাচন কমিশনের কাছে সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে বলেন, "কমিশন বলেছে, ভোটার তালিকা করে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমি তাদের কাছে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানাচ্ছি। নির্বাচন কমিশন অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, এটিই জাতি প্রত্যাশা করে।"
শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হাামলা (২০০৪ সালের ২১ আগস্ট) ও শাহ এএমএস কিবরিয়ার ওপর গ্রেনেড হামলার যোগসূত্র একই -- এ কথা উল্লেখ করে আব্দুর রাজ্জাক বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলার তদন্তে এতোদিন পর এখন কিছু সত্য ঘটনা বের হয়ে আসছে। এ সব গ্রেনেড হামলাকারীরাই ওয়ান ইলেভেন পূর্বাবস্থা সৃষ্টির জন্য দায়ী।"
তোফায়েল আহমেদ বলেন, "রোডম্যাপ বাস্তবায়ন করে যতদ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করুন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে এর ফল ভাল হয় না।"
তিনি আরও বলেন, "সরকারের উচিত হবে শর্তহীন সংলাপের আয়োজন করা। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে আমরা ৮০ ভাগ ঐক্যমতে পৌঁছেছি। সরকার শর্তহীন সংলাপের আয়োজন করলে আশাকরি, আমরা সেখানেও অধিকাংশ বিষয়ে একমত হবো।"
তোফায়েল আহমেদ জাতিসংঘের মাধ্যমে শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
রেজা কিবরিয়াও শাহ এএমএস কিবরিয়া হত্যার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন।
তিনি বলেন, "সরকারের প্রশাসনের ভেতরে খুনী চক্রের প্রতিনিধি এখনো বহাল রয়েছে। এই খুনীচক্রকে যদি বিএনপির সংস্কারপন্থী নেতাদের পেছনে আনা হয়, তবে তা কারো জন্যই ভাল হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৪৪৩ ঘ.
bdnews24