যশোর, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের জয়নাল আবেদীন মোল্যার বিরুদ্ধে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগে একটি মামলা হয়েছে। ওই সময় তিনি রাজাকার বাহিনীর স্থানীয় কমান্ডার ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
উপজেলার বলরামপুর গ্রামের আকবর আলী মোল্যা বৃহস্পতিবার যশোরের প্রধান বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, ১৯৭১ সালের ৩০ আগস্ট জয়নাল আবেদীনের নেতৃত্বে ৪/৫ জন সশস্ত্র রাজাকার বলরামপুর গ্রামে আতর আলীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করে। এরপর আতর আলীকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে।
অভিযোগে আরও বলা হয়, জয়নাল আবেদীন মোল্যা শালিখা রাজাকার ক্যাম্পের প্রভাবশালী কমান্ডার ছিলেন।
আকবর আলী সাংবাদিকদের জানান, "এতদিন রাজনৈতিক জটিলতা ও অস্থিরতার কারণে তিনি মামলা করতে পারিনি। কিছুদিন আগে থানায় মামলা করতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।"
মামলায় অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার কথাটা আমি শুনেছি। আদালতের নির্দেশের কপি হাতে এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১২ ঘ.
bdnews24