২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লু: চার জেলায় হাঁস-মুরগি ও কবুতর নিধন

পটুয়াখালী, বরগুনা, দিনাজপুর ও ভোলায় বৃহস্পতিবার রাতে বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2008, 02:48 PM

Updated : 26 Aug 2022, 01:16 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী, বরগুনা, দিনাজপুর ও ভোলায় বৃহস্পতিবার রাতে বার্ড ফ্লু আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েক হাজার হাঁস, মুরগি ও কবুতর নিধন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পটুয়াখালী প্রতিনিধি জানান, শহরে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে এক বর্গ কিলোমিটার এলাকায় হাঁস-মুরগি নিধন করা হয়েছে। জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আক্কাস আলী বলেন, "রাতভর অভিযানে শহরের পুরান বাজার, চকবাজার কাঠপট্টি, শিমুলবাগ, ভোকেশনাল, সবুজবাগ, সদর রোড, আদালত পাড়া, চরপাড়া, লঞ্চঘাট এলাকায় ২ হাজার ৬৪০টি হাঁস ও মুরগি নিধন করা হয়েছে। নষ্ট করা হয়েছে এক হাজার ১৫৫টি ডিম। এছাড়া ১৯ কেজি মুরগির মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার সকালে ওই হাঁস-মুরগি, ডিম ও মুরগির মাংস পটুয়াখালী বিমান বন্দর এলাকায় গর্ত করে মাটি চাপা দেওয়া হয়েছে। এরপর পাখি নিধন অভিযান আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান আক্কাস আলী। গত মঙ্গলবার শহরের পুরান বাজার এলাকায় বেশ কিছু কাকের অস্বাভাবিক মৃত্যু হলে জেলা পশুসম্পদ অধিদপ্তর দুটি মৃত কাক পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) পাঠায়। বার্ড ফ্লু আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে পাঠানো প্রতিবেদন বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী এসে পৌঁছায়। এরপর জেলা প্রশাসকের বাসায় বার্ড ফ্লু প্রতিরোধ কমিটির জরুরি সভা বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী রাত ১০টার পর শহরে নিধন শুরু হয়। বরগুনা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার রাতে বরগুনা শহরে আরও ৪ হাজার ২৪৩টি হাঁস-মুরগি-কবুতর নিধন করা হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনে জেলায় ১১ হাজার ৫৭৯টি পাখি নিধন করা হলো। জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. শামছুল হক জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌবাহিনী এবং পশুসম্পদ বিভাগ জেলা শহরের কলেজ ব্রাঞ্চ, ডিকেপি, কেজি স্কুল ও দীঘির পাড়ে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ১১২টি পরিবারের ২৫৪টি দেশি মুরগি, ৭৫০টি লেয়ার মুরগি, ১ হাজার ৮১৩টি ব্রয়লার মুরগি, ৮৬টি কবুতর, ৫৬টি হাঁস এবং হাঁস-মুরগির ২৮৪টি বাচ্চা নিধন করে মাটি চাপা দেওয়া হয়েছে। বরগুনায় তিন মাসের জন্য হাঁস-মুরগি-কবুতর খাওয়া ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাফায়েত হোসেন। তিনি বলেন, কষ্ট হলেও আগামী তিন মাস হাঁস-মুরগি খাওয়া বন্ধ রাখতে হবে। দিনাজপুর প্রতিনিধি জানান, শহরের রাজবাড়ী এলাকায় বার্ড ফ্লু সংক্রমিত ৭টি মুরগির খামার ও বিভিন্ন বসতবাড়ির ৪ হাজার ৪৪১টি মুরগি, ২৬৪টি হাঁস ও ১৪টি কবুতর নিধন এবং ১ হাজার ১৬৮টি ডিম নষ্ট করা হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে দিনাজপুর শহরে ১০টি খামার ও বিভিন্ন বসত বাড়ির ৬ হাজার ৮০০ মুরগি, ২৬৪টি হাঁস ও ১৪ টি কবুতর নিধন ও ৭ হাজার ৩৯৩টি ডিম নষ্ট করা হয়েছে। সদর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা দেবাশীষ ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত রাজবাড়ী এলাকায় এক কিলোমিটারব্যাপী সাতটি খামার ও বিভিন্ন বসতবাড়িতে বার্ড ফ্লু আক্রান্ত হাঁস-মুরগি নিধন অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার হাঁস মুরগি, কবুতর নিধন করা হয়। এ সময় ১ হাজার ১৬৮টি ডিম নষ্ট করা হয়েছে। অভিযানে ওই এলাকার ১৭৮টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়। এদিকে শহরের একটি এলাকায় অজ্ঞাত রোগে বেশ কিছু কাক মারা গেছে। কাকের মৃত্যু প্রসঙ্গে উপজেলা পশু সম্পদ কর্মকর্তা বলেন, তারা ১২টি মৃত কাক মাটি চাপা দেওয়া হয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে তিনি জানান। দেবাশীষ ভট্টাচার্য জানান, কাকের মৃত্যু বিষয়ে করণীয় সম্পর্কে জানতে চেয়ে ঢাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত ১৯ জানুয়ারি রাজবাড়ী এলাকার মিহির ঘোষ কাঁটাপাড়া এলাকায় তরিকুল ইসলাম ও রাজারামপুর এলাকার শহীদ মিঞার খামারে অভিযান চালিয়ে বার্ড ফ্লু আক্রান্ত ২ হাজার ৩৫৯টি মুরগি, ৫ হাজার ৫২৫টি ডিম নষ্ট করা হয়। ভোলা প্রতিনিধি জানান, গত ৩০ ঘন্টায় জেলায় সহস্রাধিক মুরগি ও কাকের মুত্যৃ হয়েছে বলে খামার মালিক ও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন। ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন জানান মুরগি ও কাকের মৃত্যুর খবর তিনি জেনেছেন। মৃত মুরগি পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষাগারে পাঠান হয়েছে। প্রতিবেদন না আসা পর্যন্ত সরকারিভাবে বার্ড ফ্লু হয়েছে ঘোষণা করা যাচ্ছে না। শহরের পাখিরপুল এলাকার খামার মালিক রিপন পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ জানুয়ারি তার খামারের লেয়ার মুরগি আকস্মিকভাবে মারা যেতে শুরু করে। আক্রান্ত হওয়ার ৫/৬ ঘন্টার মধ্যে মুরগির মুখ কালো হয়ে মুরগি মারা যায়। তিনি আরও জানান, তার খামারের তিন'শ মুরগি ইতোমধ্যে মারা গেছে। ভোলা সদরের চরসামাইয়া ইউনিয়নে বিভিন্ন সময়ে আরও আট শতাধিক মুরগির মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানান। মুরগির পাশাপাশি ভোলা সদরের বিভিন্ন এলাকায় কাকের মৃতদেহও দেখা গেছে। জেলা পশু সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, তিনি আক্রান্ত খামার পরিদর্শন করেছেন ও দুটি মুরগি পরীক্ষার জন্য ঢাকায় পরীক্ষাগারে পাঠানো হয়েছে। আজকের (শুক্রবার) মধ্যে প্রতিবেদন পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। তিনি আরও বলেন, আক্রান্ত মুরগির লক্ষণ দেখে মনে হচ্ছে এগুলো বার্ড ফ্লু সংক্রমিত। ভোলার সিভিল সার্জন ডা. আবদুর রশিদ জানান, বরিশালে বার্ড ফ্লু সনাক্তের পর ভোলার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২০৪১ ঘ.