২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদগঞ্জে ডিলারের কাছে হিসেবের চেয়ে বেশি সার পাওয়ায় বিক্রি স্থগিত

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি সারের দোকানে হিসেবের চেয়ে ৪০০ বস্তা সার বেশি থাকায় মঙ্গলবার ওই দোকানের সার বিক্রি স্থগিত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 03:14 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

চাঁদপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি সারের দোকানে হিসেবের চেয়ে ৪০০ বস্তা সার বেশি থাকায় মঙ্গলবার ওই দোকানের সার বিক্রি স্থগিত করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার চাঁদপুরে মেঘনা নদীতে পাচারের সময় ৬০০ বস্তা সার আটকের পর ওই মামলার তদন্তকর্মকর্তা মুসলিম মিয়া মঙ্গলবার ফরিদগঞ্জে এসে রহিম ট্রেডার্স নামের একটি সারের দোকানে অভিযান চালান। সে সময় তিনি দোকানে থাকা এক হাজার ২০০ বস্তা ইউরিয়া সারের মধ্যে ৪০০ বস্তা সারের কোন হিসেব পাননি। এসব সার আটককৃত সারের সঙ্গে ছিল কি না বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি জানান, ওই দোকানের সার বিক্রি বন্ধ থাকবে কি-না সে সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে হিসেবে গরমিল পাওয়ার কারণে বিষয়টি তদন্তের জন্য দু'একদিন ওই দোকানে সার বিক্রি বন্ধ থাকতে পারে বলে তিনি জানান। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মুসলিম মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সার পাচারের ঘটনা তদন্তে ফরিদগঞ্জে সারের মজুদ জানার জন্য বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় ফরিদগঞ্জ বাজারের রহিম ব্রাদার্স নামের একটি সারের দোকানে এক হাজার ২০০ বস্তা সার পাওয়া যায়। কিন্তু হিসেব অনুযায়ী ওই দোকানে সার থাকার কথা ছিল ৮০০ বস্তা। অতিরিক্ত ৪০০ বস্তা সার কোথা থেকে এসেছে সে সম্পর্কে ওই দোকানের মালিক আব্দুর রহিমের কাছে জানতে চাইলে, তিনি এসব সার অন্য এক ডিলারের বলে জানান। কিন্তু তাদের সন্দেহ বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে অভিযানের আগেই হয়তো ৪০০ বস্তা সার সরিয়ে এখানে এনে রাখা হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলিম আকতার খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমরা বিষয়টি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেনের সঙ্গে বৈঠক করেছি। বৈঠকে বিষয়টি যাচাই-বাছাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ কারণে বুধবার ওই দোকানে সার বিক্রি বন্ধ থাকবে। তবে আমরা এখনো পর্যন্ত কোনো অনিয়ম পাইনি। গত বৃহস্পতিবার রাতে চাঁদপুরের পুরানবাজারে মেঘনা নদীতে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার ও ইঞ্জিনচালিত ট্রলারসহ চার জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২১১০ ঘ.