২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় শিশুসহ সাতজন নিহত

চট্টগ্রাম, ঝালকাঠি ও মানিকগঞ্জের ধামরাইয়ে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সাত জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, ঝালকাঠি ও মানিকগঞ্জের ধামরাইয়ে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ সাত জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর- চট্টগ্রাম: জেলার পটিয়া উপজেলার চট্টগ্রাম- কক্সবাজার সড়কের ইন্দ্রপুল এলাকায় সকালে ট্রাক চাপায় মোহাম্মদ সোহেল (১৮) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। নিহত সোহেল পটিয়ার দক্ষিণ ভূর্ষি গ্রামের ডেঙ্গাপাড়ার বাসিন্দা। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে আটটায় ইন্দ্রপুল এলাকায় রাস্তা পার হওয়ার সময় সোহেল কক্সবাজারগামী একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। তিনি জানান, সোহেল ইন্দ্রপুল লবণ শিল্প নগরীতে কাজ করত। ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে মঙ্গলবার ভোরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এর মধ্যে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের বাসের একযাত্রী রয়েছেন। আহত হয়েছেন দুটি বাসের অন্তত ৫০ যাত্রী। তাদের ঢাকা, ধামরাই ও সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- টাঙ্গাইলের মধুপুরের হাজী রমজান আলী (৭০), একই এলাকার আবদুল কুদ্দুস (৩০), ময়মনসিংহের মুক্তাগাছার চন্দনী আটা গ্রামের আব্দুস সামাদ (৪২) ও যশোরের ঝিকরগাছার কাউরিয়া গ্রামের সাইমুদ্দিন (২৭) । ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাঙ্গাইলের মধুপুর থেকে নেত্রকোনা পরিবহনের একটি বাসে প্রায় ৪০ যাত্রী ফরিদপুরের চন্দ্রপুরী ওরসে যোগ দিতে যাচ্ছিলেন। ভোর রাত চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসষ্ট্যান্ডের কাছে পৌঁছালে সোহাগ পরিবহনের বাসকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। হাবিবুর রহমান জানান, এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা হয়েছে। তিনি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঝালকাঠি: ঝালকাঠি-নবগ্রাম সড়কের চারমহল এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এক শিশুসহ দুই জন মারা যান এবং আহত হন ১৮ জন। নিহতরা হলেন ঝালকাঠির ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার শিক্ষক আব্দুল হাই (২৮) এবং একই জেলার মাকসুদা বেগমের মেয়ে জান্নাত (৪)। এদের মধ্যে আব্দুল হাই ঘটনাস্থলে এবং জান্নাত বরিশালে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বাস যাত্রী শাহ আলম ও নবগ্রাম থানার উপ পরিদর্শক মোশাররফ হোসেন জানান, দুপুর সোয়া ১২টায় বাসটি নবগ্রাম স্ট্যান্ড থেকে ঝালকাঠির পথে যাত্রা করে। পৌনে একটার দিকে বাসটি চারমহল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যায় এবং বরিশাল নেওয়ার পথে আরেকটি শিশুর মৃত্যু হয়। এছাড়া আহত হয় ১৮ জন। বাস চালক মহসিন মিয়া পালিয়ে গেছে। পুলিশ বাসটি আটক করে থানায় নিয়ে গেছে। আহতদের ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/টিএইচ/এমএসবি/১৯৫৬ ঘ.