২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সঙ্গে সংলাপ: দুমাসেও আদালতে আবেদন করেনি ইসি

বিএনপির সঙ্গে সংলাপের বিষয় দ্রুত নিষ্পত্তি করতে গত প্রায় দুমাসেও কমিশন আদালতে আবেদন করেনি। মঙ্গলবার সকালে কমিশনের আইনজীবী ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2008, 09:07 AM

Updated : 26 Aug 2022, 01:15 PM

ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- বিএনপির সঙ্গে সংলাপের বিষয় দ্রুত নিষ্পত্তি করতে গত প্রায় দুমাসেও কমিশন আদালতে আবেদন করেনি। মঙ্গলবার সকালে কমিশনের আইনজীবী ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির সঙ্গে সংলাপ বিষয়টি যেন দ্রুত নিষ্পত্তি হয়, এ জন্য শিগগিরই তিনি আদালতে আবেদন করবেন। আদালতে বিচারাধীন মামলাটির প্রসঙ্গে সিইসির সঙ্গে কথা বলতে তিনি কমিশন কার্যালয়ে এসেছেন বলেও জানান। গত ১ ডিসেম্বর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন সাংবাদিকদের জানিয়েছিলেন, ১৩ ডিসেম্বর উচ্চ আদালতের ছুটি শুরু হওয়ার আগেই তারা আদালতের কাছে আবেদন জানাবেন, বিএনপির সঙ্গে সংলাপের বিষয়টি আদালত যেন দ্রুত নিষ্পত্তি করে। সে সময় ছহুল হোসাইন বলেন, বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে আদালত যে সিদ্ধান্ত দেবে, কমিশন তা মেনে নেবে। এদিকে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত সোমবার সাংবাদিকদের জানিয়েছেন নির্বাচন কমিশনের সংলাপ শেষ হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনায় বসবে। অর্থাৎ বিএনপির সঙ্গে কমিশনের সংলাপ শেষ হলেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলোচনা শুরু করবে। কিন্তু কার্যত, গত প্রায় দুমাসেও কমিশনের পক্ষ থেকে বিএনপির সঙ্গে সংলাপে বসার বিষয়টি দ্রুত মীমাংসা করার জন্য আদালতে ওই আবেদনই করা হয়নি। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে গত ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আদালত হাফিজউদ্দিন আহমেদকে সংলাপের আমন্ত্রণ জানিয়ে দেওয়া কমিশনের চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। ওই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তারও কারণ জানতে চায় আদালত। নির্বাচনী সংস্কার আইন নিয়ে গত ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে কমিশন বিএনপি বাদে এ পর্যন্ত ১৬টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছে। ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপ হওয়ার কথা ছিল। সে অনুযায়ী দলটির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকে কমিশন। কিন্তু আদালতের আদেশে আলোচনা স্থগিত হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৫০০ ঘ.