জামালপুর, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেলান্দহ উপজেলার চারাইলদার গ্রামে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর তিন সদস্যকে পৃথক দুটি ধারায় ৩৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে আট হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দেড় বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এই সাজা পৃথকভাবে কার্যকর হবে।
সোমবার জামালপুরের স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক আবদুস ছোবাহান এই রায় দেন।
দণ্ডিত তিন জেএমবি সদস্য হলেন- সোহেল, সুলতান ও হাবিবুর রহমান ইউছুফ। এ সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়। এরা হলেন- মিজানুর রহমান, রুহুল আমীন, আবু তাহের, লোকমান হোসেন ও মওলানা আব্দুস সাত্তার।
২০০৭ সালের ২১ মার্চ র্যাব-১২ জামালপুরের মেলান্দহ উপজেলার চারাইলদার গ্রাম থেকে গ্রেনেড তৈরির ৫৯টি বডি, ৪৭টি ক্যাপ ও ৩০ টি উচ্চক্ষমতা সম্পন্ন পাওয়ারজেলসহ সোহেল, সুলতান এবং সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া থেকে হাবিবুর রহমান ইউসুফ নামে আরেক জেএমবি সদস্যকে আটক করে।
এ ঘটনায় র্যাব-১২ জামালপুর ক্যাম্পের কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বাদী হয়ে ২৫ মার্চ মেলান্দহ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সুলতান, সোহেল, হাবিবুর রহমান ইউসুফ, মওলানা আব্দুস সাত্তার, মিজানুর রহমান, রুহুল আমিন, আবু তাহের ও লোকমান হোসেনেকে আসামী করা হয়।
১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত বিস্ফোরক দ্রব্য আইনের একটি ধারায় তিন জেএমবি সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়। আরেকটি ধারায় তাদের ১৪ বছর করে কারাদণ্ড এবং ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্টপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি বিশেষ কৌসুলি লুৎফর রহমান রতন এবং আসামি পক্ষে ছিলেন এ্যাডভোকেট ফজলুল হক।
লুৎফর রহমান রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালতের দেওয়া এই দণ্ড পৃথকভাবে কার্যকর হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24