ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদনের শুনানি হবে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে।
সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আবদুল মতিন সরকার এই আদেশ দেন। আদালত আগামী ২৪ জানুয়ারি ওই শুনানির তারিখ নির্ধারণ করেছে।
আদালতের আদেশের পর শেখ হাসিনার আইনজীবী শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করতে সরকারের করা আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালত আগামী ২৪ জানুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেছে।
সরকার পক্ষের আইনজীবী এস এম খালেকুজ্জামান বলেন, চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেননি।
হাইকোর্ট গত ১৭ জানুয়ারি শেখ হাসিনার আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির বৈধতার প্রশ্নে ইতোপূর্বে জারি করা রুলনিশির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিচার কার্যক্রম স্থগিত করে।
গত ১৩ জুন ব্যবসায়ী আজম জে চৌধুরী প্রায় তিন কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে শেখ হাসিনার রিটের পরিপ্রেক্ষিতে ৩০ জুলাই প্রথমবারের মতো মামলার কার্যক্রম স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট। সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে মূল রিটের নিষ্পত্তির উদ্যোগ নিতে উভয়পক্ষকে নির্দেশ দেয় আপিল বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এসকে/১৮৩৩ঘ.
bdnews24