ঢাকা, জানুয়ারি ২০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদারকে দিনাপুরের শেখ ফরিদপুর কবরাস্থানে ১১টায় ৫০ মিনিটে স্বামী এস্কান্দার মজুমদারের কবরের পাশেই দাফন করা হয়েছে। দাফনের সময়ে তার দুই ছেলে সাইদ এস্কান্দার ও শামীম এস্কান্দার কাছেই ছিলেন।
মরহুমার কুলখানি সোমবার বাদ আসর দিনাজপুরের 'তৈয়বা ভিলা'তে অনুষ্ঠিত হবে বলে তার বড় ছেলে সাইদ এস্কান্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
এর আগে সকাল ১১টায় মরহুমার জেলার গোর-এ শহীদ ময়দানে নামাজে জানাজার হয়। এতে অসংখ্য হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রুহুল আমিন, জেলা প্রশাসক এ এম সাইফুল হাসান, পুলিশ সুপার মোস্তফা কামাল, সাবেক সাংসদ, স্থানীয় রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সহাস্রাধিক মানুষে অংশ নেন।
রোববার সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকা থেকে সড়ক মরহুমার কফিন দিনাজপুর শহরে বালুবাড়িতে 'তৈয়বা ভিলা'য় পৌঁছে। শুক্রবার দুপুরে মরহুমার মরদেহ তার কারা অন্তরীন মেয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমান এবং আরাফাত রহমানকে দেখাতে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। ঢাকায় শুক্রবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের ৬ নং বাসার আঙিনায় প্রথম নামাজে জানাজা ও রাত সাড়ে ৮ টায় গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর প্রতিনিধি জানান, রোববার সকাল সাড়ে ১০টায় তৈয়বা মজুমদারের মরদেহ তার গড়া বেসরকারি প্রতিষ্ঠান 'পল্লী শ্রী' কার্যালয়ে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর কফিন জানাজার জন্য গোর-এ শহীদ ময়দানে নেওয়া হয়। তৈয়বা মজুমদার মৃত্যুর পূর্ব পর্যন্ত 'পল্লী শ্রী' প্রতিষ্ঠানের চেয়ারপার্সন ছিলেন।
এর আগে শনিবার রাত ১১টায় সড়কপথে আলিফ অ্যাম্বুলেন্সে করে মরদেহ দিনাজপুর রওনা হয়। তৈয়বা মজুমদারের দুই ছেলে সাইদ এস্কান্দার ও শামীম এস্কান্দারসহ আত্বীয় স্বজনরা লাশের সঙ্গে ঢাকা থেকে দিনাজপুর পৌঁছান।
শুক্রবার রাতে দিনাজপুরের একটি হাসপাতালে মারা যান তৈয়বা মজুমদার (৮৭)। শনিবার একটি হেলিকপ্টারে করে তার লাশ ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বিকাল সাড়ে ৪ টায় মরদেহ খালেদা জিয়ার বাসায় নিয়ে আসা হয়। লাশের সঙ্গে ছিলেন তৈয়বার ছোট ছেলে শামীম এস্কান্দার এবং তার স্ত্রী-ছেলেরা।
শনিবার দুপুর থেকেই খালেদা জিয়ার বাসার সামনে ভিড় জমান আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরা। ওই বাসার সামনে এবং আশপাশে কড়া নিরাপত্তা ছিল। বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা রক্ষী মোতায়েন ছিল সেখানে।
খালেদা জিয়ার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও শর্মিলা রহমান এবং তিন নাতনী বাসায় ছিলেন । ভাই সাইদ ইস্কান্দার শনিবার বিকালে লন্ডন থেকে ফেরেন।
গুলশানের আজাদ মসজিদে তৈয়বা মজুমদারের জানাজার খবরে বিকালেই সেখানে বিএনপির কয়েকশ নেতা-কর্মী জড়ো হতে থাকেন। এদের মধ্যে ছিলেন স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সাবেক তথ্যমন্ত্রী শামসুল ইসলাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, সাবেক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান । তবে রাত সাড়ে ৮টায় গুলশান আজাদ মসজিদের মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সেনা নিবাসে শহীদ মইনুল সড়কের বাসার সামনে বাগানে প্রথম নামাজে জানাজা হয়। এতে মরহুমার নাতি প্যারোলে মুক্তি পাওয়া তারেক রহমান অংশ নেন।
তৈয়বা মজুমদারের মৃত্যুর পর খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া, তারেক ও আরাফাতকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
কারা অন্তরীণ খালেদা জিয়াকে শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে মায়ের মৃত্যু সংবাদ জানানো হয়। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান ও উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে গিয়ে তাকে খবরটি জানান।
পরে সামসুল হায়দার ছিদ্দিকী কেন্দ্রীয় কারাগারে তারেক রহমান ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আরাফাত রহমানের সঙ্গে দেখা করে তাদের নানির মৃত্যু সংবাদ জানান।
তৈয়বা মজুমদার শুক্রবার রাত সাড়ে ৮টায় দিনাজপুর শহরের বালুবাড়িতে নিজের বাসায় বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত 'জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউট' এ নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
মৃত্যুর সময় কোনো ছেলেমেয়েই তার পাশে ছিলেন না। বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি জানান, তৈয়বা মজুমদার দিনাজপুরে বিভিন্ন সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তার স্বামী এস্কান্দার মজুমদার মারা যান ১৯৮৪ সালে। তাদের দুই ছেলে, তিন মেয়ের মধ্যে খালেদা জিয়া তৃতীয়। দুই ছেলে হচ্ছেন সাঈদ এস্কান্দার ও শামীম এস্কান্দার। বড় মেয়ে সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হক বেঁচে নেই। মেজো মেয়ে সেলিমা রহমান (বিউটি) ব্র"নাইয়ে থাকেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/জিএনএ/১২১১ ঘ.
bdnews24