২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিডিআর-বিএসএফ সীমান্ত সম্মেলন রোববার শুরু

বগুড়ায় রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। বিডিআর ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে বগুড়ায় পৌঁছেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের নর্থ ফ্রন্টিয়ারের আইজি আর এ তেওয়ারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

বগুড়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ায় রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন। বিডিআর ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের তিন দিনব্যাপী এই সম্মেলনে যোগ দিতে বগুড়ায় পৌঁছেছেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের নর্থ ফ্রন্টিয়ারের আইজি আর এ তেওয়ারী। শনিবার বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ৬ টা ৪০ মিনিটে আর এ তেওয়ারীসহ ভারতের ১৬ সদস্যের প্রতিনিধি দলটি সম্মেলনের ভেন্যু হোটেল নাজে পৌঁছায়। এ সময় তাদের অভ্যর্থনা জানান বিডিআর উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমএ বারী। একই দিন দুপুর ১২ টায় ব্রিগেডিয়ার জেনারেল এমএ বারীসহ বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দল বগুড়ায় পৌঁছায়। এর আগে বৃহস্পতিবার বিডিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের আলোচনায় বিডিআর এর পক্ষ থেকে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা, সীমান্তে বিনা উস্কানিতে বিএসএফ এর গুলিবর্ষণ, বাংলাদেশি নাগরিকদের আটক, গ্রেপ্তার ও অপহরণের বিষয়টি তোলা হবে। এছাড়া ভারতীয় নাগরিকদের সীমান্ত লঙ্ঘন, অবৈধ পারাপার, অনুপ্রবেশ, সীমান্ত পিলারের যৌথ পরিদর্শনে সাড়া না দেওয়া, নওগাঁয় সীমান্ত পিলার স্থাপনের মাধ্যমে চিহ্নিত জমি হস্তান্তর, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার প্রতিরোধসহ নানা বিষয় উত্থাপন করা হবে। অপরদিকে বিএসএফ'র পক্ষ থেকে তুলে ধরা হবে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে আন্ত:সীমান্ত অপরাধ সংঘটন, বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীদের সেদেশে প্রবেশ, ভারতীয় ভূখণ্ডে জাল মুদ্রা পাচার, সীমান্তের ১৫০ গজের মধ্যে কাটাতারের বেড়া নির্মাণে বাধাদান, বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের সহায়তা বা সমর্থন দেওয়ার মতো বিষয়। এদিকে বগুড়ায় ভারতীয় প্রতিনিধি দলকে অভ্যর্থনার দায়িত্বে থাকা বিডিআর কর্মকর্তা মেজর মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তেওয়ারীর স্ত্রী মনোরমা তেওয়ারীও প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন। মনোরমা তেওয়ারী ও তার ৩/৪ জন সহযোগী বেসরকারি সাহায্য সংস্থা টিএমএসএস প্রকল্প ও মহাস্থানগড় পরিদর্শন করবেন বলে জানিয়েছেন টিএমএসএস এর সহকারী পরিচালক মামুনুর রশীদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.