চট্টগ্রাম, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে লক্ষ্যে নগরীর চাক্তাই ও মহেশ খালে দুটি স্লুইস গেট নির্মাণে চট্টগ্রাম সিটি করপোরেশনকে চার কোটি টাকা দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শনিবার সকালে নগরীর সল্টগোলা ক্রসিং সংলগ্ন মহেশ খাল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনুজুর আলম ও উর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টাকে জানিয়েছেন কর্ণফুলী নদীর মুখে চাক্তাই ও মহেশখালে দুটি পৃথক স্লুইস গেট নির্মাণ করা গেলে বর্ষা মৌসুমে নগরীর জলাবদ্ধতা অনেক কমে আসবে। এগুলো নির্মিত হলে খাল দুটি দিয়ে জোয়ারের সময় অতিরিক্ত পানি ঢুকে নগরী প্লাবিত হবে না।
খাল পরিদর্শনের পর উপদেষ্টা বলেন, "জলাবদ্ধতার স্থায়ী সমাধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড এবং ওয়াসার সমন্বয়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তবে এ ক্ষেত্রে সিটি কর্পোরেশনকেই মূল নিয়ন্ত্রকের কাজ করতে হবে।"
তিনি বলেন, নগরীর খালগুলো অবৈধ দখলমুক্ত করতে না পারলে জলাবদ্ধতা নিরসন করা যাবে না।
নগরীর নিম্নাঞ্চলে অপরিকল্পিতভাবে আবাসন তৈরি করে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি করা হচ্ছে উল্লেখ করে আনোয়ারুল ইকবাল বলেন, এ ক্ষেত্রে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) আরও কঠোর ভূমিকা পালন করতে হবে।
উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমের আগে নগরীর সকল খাল ও ড্রেনের উভয় পাশ থেকে জরুরি ভিত্তিতে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনকে আরও কঠোর হতে হবে। এজন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেয়ার চেষ্টা করা হবে বলে এলজিআরডি উপদেষ্টা উপস্থিত সাংবাদিকদের জানান।
এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, সচিব খায়রুল আলম এবং বিভিন্ন ওয়ার্ডের কমিশনাররা উপস্থিত ছিলেন।
খালের উভয় পাশ থেকে উচ্ছেদের পর আবার দখল হয়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দখলমুক্ত রাখার দায়িত্ব করপোরেশনের। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে করপোরেশনকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব খায়রুল আলম সাংবাদিকদের জানান, অবৈধ দখল উচ্ছেদ হওয়া খালগুলোর উভয় পাশে রাস্তা নির্মাণের কাজ চলছে।
এর আগে সকাল সাড়ে নয়টায় উপদেষ্টা নগরীর আগ্রাবাদে সবদর আলী সড়ক এবং সিটি করপোরেশন এম এ সালাম নগর স্বাস্থকেন্দ্র উদ্বোধন করেন।
স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে ১৪ হাজার কমিউনিটি ক্লিনিক চালু করা হলেও চিকিৎসকদের অসহযোগিতার কারণে তা কার্যকর করা যায়নি। তিনি স্বাস্থ্য কেন্দ্রে সেবার মান বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৬০০ ঘ.
bdnews24