২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ চিকিৎসকের খণ্ডিত মৃতদেহ গাইবান্ধায় উদ্ধার

বাংলাদেশ মেডিকেল কলেজের চিকিৎসক মোফাখখারুল আহমেদ সোহেলের (৪৫) খণ্ডিত মৃতদেহ গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জার্রি বিভাগের নিবন্ধক (রেজিস্টার) সোহেল গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মেডিকেল কলেজের চিকিৎসক মোফাখখারুল আহমেদ সোহেলের (৪৫) খণ্ডিত মৃতদেহ গাইবান্ধা থেকে উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জার্রি বিভাগের নিবন্ধক (রেজিস্টার) সোহেল গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। র‌্যাব ও গোয়েন্দা পুলিশ জানিয়েছে, হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত চার ব্যক্তি স্বীকার করেছে, রাজধানীর ধানমন্ডির বাসায় সোহেলকে হত্যার পর মৃতদেহ তিন টুকরো করে সুটকেসে ভরে তারা গাইবান্ধায় নিয়ে যায়। এরপর পৃথক তিনটি স্থানে টুকরো তিনটি মাটিচাপা দেওয়া হয়। গোয়েন্দা পুলিশ ও র‌্যাব সদস্যরা পৃথক অভিযান গেপ্তারকৃত চারজন হচ্ছে ডা. সোহেলের গাড়িচালক ও বাসার তত্ত্বাবধায়ক মো. সাইফুল ইসলাম (২৪), সাইফুলের চাচাতো ভাই ফিরোজ (২২), ফিরোজের ভগ্নিপতি বুলু (২০) এবং গাইবান্ধার মুদি দোকানি মো. শাহীন (২৫)। সাইফুল ও শাহিনকে র‌্যাব-২ সদস্যরা এবং ফিরোজ ও বুলুকে গোয়েন্দা পুলিশের সদস্যরা আটক করে। শুক্রবার বিকেলে মগবাজারে র‌্যাব-২ কার্যালয়ে এবং মিন্টোরোডে মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে ডা. সোহেল হত্যাকান্ডের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানানো হয়। গ্রেপ্তারকৃত চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-কমিশনার মাইনুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, শুক্রবার ভোরে গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে সোহেলের খণ্ডিত মাথা উদ্ধার করা হয়। তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশ ফিরোজকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। ফিরোজ জিজ্ঞাসাবাদে হত্যার পুরো ঘটনার বর্ণনা দেয়। সে জানায়, তার চাচাতো ভাই সাইফুল প্রায় দুই-আড়াই বছর থেকে এ হত্যার পরিকল্পনা করে আসছিল। দেড় মাস আগে সাইফুল হত্যার জন্য দুটি ছোরা, কিছু পলিথিন এবং চটের ব্যাগ কিনে লুকিয়ে রাখে। ১০ জানুয়ারি রাত ১০টার দিকে ফিরোজ ডা. সোহেলের বাসায় যায়। ওই রাতে সোহেলের দুইজন অতিথি খাওয়াদাওয়া শেষে ১২টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। অতিথিরা চলে যাওয়ার পর সাইফুল বাজারের একটি ফর্দ সোহেলের হাতে দিয়েই ছুরি দিয়ে তার মাথায় আঘাত করে। সোহেল মেঝেতে পড়ে যাওয়ার পর সাইফুল ছুরি দিয়ে তার পেটে ও বুকে আঘাত করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ডা. সোহেলের মৃত্যু হয়। পরে সাইফুল মৃতদেহ টেনে বাথরুমে নিয়ে চাপাতি দিয়ে কেটে তিন টুকরো করে। মাথা ও দুই পা দুটি আলাদা চটের বস্তায় এবং শরীরের অপর অংশটি সুটকেসে ভরে। এরপর রক্ত পরিস্কার করে রাত তিনটার দিকে চটের ব্যাগ ও সুটকেসটি নিচ তলায় নিয়ে আসে। সাইফুল বাড়ির নিরাপত্তা প্রহরী মহিউদ্দিনকে বলে, ডাক্তার সাহেব সিগারেট খাবেন আপনি তার জন্য দোকান থেকে কয়েকটি সিগারেট নিয়ে আসেন। মহিউদ্দিন সিগারেট আনতে চলে গেলে এই সুযোগে তারা চটের বস্তা ও সুটকেসটি ডা. সোহেলের গাড়ির পেছনে ঢুকিয়ে ফেলে। সকাল আটটার দিকে সাইফুল ও ফিরোজ গাড়ি নিয়ে গাবতলী টার্মিনালে চলে যায়। সেখান থেকে একটি পরিবহনের একটি বাসে চড়ে মৃতদেহের খন্ডিত টুকরোগুলোসহ ফিরোজ গাইবান্ধায় চলে যায়। আর সাইফুল সোহেলের গাড়ি নিয়ে আবার বাসায় ফিরে আসে। সে বাসায় গাড়ি রেখে ১০টার দিকে অন্য একটি গাড়িতে চড়ে গাইবান্ধায় চলে যায়। সাইফুল পলাশবাড়ি পৌঁছানোর পর তারা দুজন একটি ভ্যানে করে মৃতদেহসহ উপজেলার শিমুলতলী গ্রামে ফিরোজের ভগ্নিপতি বুলুর বাসায় যায়। সেখানে বুলুর সহায়তায় গভীর রাতে সোহেলের খন্ডিত মাথাটি পাশের জমির আইলে পুতে রাখে। আর পা ও দেহের বাকি অংশ পাশের একটি খালের হাটু পানির মধ্যে পুতে রাখে। পরদিন সকালে সকালে তারা আবার গাজীপুর চলে আসে এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে থাকে। হত্যাকারীরা জিজ্ঞাসাবাদে জানায়, সাইফুল ১০-১২ বছর আগ থেকেই ডা. সোহেলের বাসায় থাকতো। একসময় গাড়ি চালানো শিখে সে ডা. সোহেলের গাড়ি চালানো শুরু করে। ডা. সোহেল ছিলেন অবিবাহিত। পুলিশ জানায়, সাইফুল বলেছে ডা. সোহেলের কাছ থেকে আশানুরুপ বেতন না পাওয়ায় বিভিন্ন সময় তার সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়। এ কারণে হতাশাগ্রস্থ হয়ে সে এই হত্যার পরিকল্পনা করে। ডা. সোহেল গত ১১ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারের দাবিতে গত বুধবার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩০৯ ঘ.