চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুবাইগামী বাংলাদেশ বিমানের যাত্রাবাহী একটি ডিসি-১০ বিমান যথাসময়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তজার্তিক বিমান বন্দরে না আসায় শুক্রবার রাতে ২২৩ জন যাত্রী আটকা পড়েছেন। ফ্লাইট বিলম্বের বিষয়টি জানার পর যাত্রীরা বিমান বন্দর চত্বরে কিছু সময়ের জন্য ক্ষোভ প্রকাশ করেন। রাত সাড়ে নয়টায় উড়োজাহাজটি দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
বিমান বন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিমানের দুবাইগামী ফ্লাইটটি যথাসময়ে চট্টগ্রামে না আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজি-০৪৭ ফ্লাইটটি বিলম্ব হওয়ায় বাংলাদেশ বিমানকে যাত্রীদের রাতে থাকা খাওয়াসহ আনুষাঙ্গিক বিষয়গুলো দেখভাল করার জন্য বলা হয়েছে। বিমান বন্দর কর্তৃপক্ষের আশ্বাসের পর যাত্রীরা শান্ত হয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় দুবাইয়ের উদ্দেশ্যে এটির শাহ আমানত বিমান বন্দর ছাড়ার কথা ছিল। তবে ফ্লাইট বিলম্বের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। বিমান বাংলাদেশ শনিবার ভোর পাঁচটায় পরবতী ফ্লাইটের সময় নির্ধারণ করেছেন বলে তিনি জানান।
বিমানবন্দর ব্যবস্থাপক জানান, বিমান কর্তৃপক্ষকে রাতে তাদের থাকার ব্যবস্থা করার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরের বাংলাদেশ বিমানের স্টেশন ব্যবস্থাপককে পাওয়া যায়নি।
বিমান বন্দর সূত্র জানায়, বিমানের এয়ারক্রাফট সংকটের কারণে শিডিউল অনুযায়ী ডিসি-১০ বিমানটি যথাসময়ে চট্টগ্রামে আসতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২২২৮ ঘ.
bdnews24