২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভাতা দ্বিগুণ হচ্ছে: আনোয়ারুল ইকবাল

বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শুক্রবার চট্টগ্রামে এ কথা জানান। তিনি জানান, আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল শুক্রবার চট্টগ্রামে এ কথা জানান। তিনি জানান, আগামী এপ্রিল মাস থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামে লালদিঘী পার্ক উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, "স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্যোগ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে দেশের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের বর্তমান ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে।" আগামী এপ্রিল মাস থেকে নতুন ভাতা কার্যকর হলে ইউপি চেয়ারম্যানরা বর্তমানের ১৫০০ টাকার স্থলে তিন হাজার টাকা এবং ইউপি সদস্যরা সাত'শ টাকার পরিবর্তে ১৫০০ টাকা করে পাবেন বলে তিনি জানান। উপদেষ্টা বলেন, সিটি করপোরেশনগুলোর কমিশনারদের সম্মান জানাতে তাদেরও ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার। সিটি করপোরেশনসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব উৎস থেকে আয় বাড়ানোর জন্য তিনি পরামর্শ দেন। তিনি বলেন, এতে করে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নয়নের জন্য সরকারের অর্থ ছাড়ের দিকে তাকিয়ে থাকতে হবে না। আনোয়ারুল ইকবাল বলেন, "সিটি কর্পোরেশনগুলোর জন্য নতুন করে আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন আইন অনুযায়ী কর্পোরেশনগুলোর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, ঢাকার ওয়াসা, রাজউকের মতো চট্টগ্রাম সিটি করপোরেশনেও নাগরিক সনদ বা সিটিজেন চার্টার চালু করার পরামর্শ দেন। তিনি মনে করেন এতে করে কর্পোরেশনের প্রতি জনসাধারণের আস্থা আরও বাড়বে। করপোরেশনের উদ্যোগে লালদিঘী পার্ক স্থাপনের উচ্ছ্ব্সিত প্রশংসা করে তিনি বলেন, দেশের প্রতিটি শহরে মানুষের স্বাস্থ্যসম্মত বসবাসের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীতে সোনারগাঁও থেকে রামপুরা পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ লেক করার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। এ লেকের সঙ্গে গুলশান লেকেরও সংযোগ রাখার ব্যবস্থা রাখা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার হোসাইন জামিল, পুলিশ কমিশনার এম আকবর আলী, জেলা প্রশাসক আশরাফ শামীম, করপোরেশনের প্রধান নির্বহী কর্মকর্তা একেএম খায়রুল আলম প্রমুখ। ভারপ্রাপ্ত মেয়র চট্টগ্রামের গৌরবময় ঐতিহ্যের বর্ণনা করে পরিকল্পিত নগরী হিসাবে এটিকে গড়ে তোলার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন। তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন, নতুন করে নির্মিত এ লালদিঘী পার্কে একসঙ্গে এক হাজার জন লোক প্রবেশ করতে পারবে। প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাসহ বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত পার্কটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলে তিনি জানান। নগরীর ঐতিহাসিক লালদিঘীকে কেন্দ্র করে এক একর তিন শতক জায়গার উপর সোয়া দুই কোটি টাকা ব্যয়ে পার্কটি নির্মাণ করা হয়েছে। পার্ক উদ্বোধনের পর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে করপোরেশনের কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় উপদেষ্টা বলেন, বর্তমান সরকার স্থানীয় সরকার কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে। এ কমিটি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের সমন্বয় ও এগুলোকে গতিশীল করতে কাজ করবে ও পরামর্শ দেবে। এর আগে তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে বাস্তবায়নাধীন ধুরং সড়ক পরিদর্শন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০৫৫ ঘ.