ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর এলাকায় কয়েক দিন আগের পোশাক শ্রমিকদের সহিংস আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে পুলিশ বৃহস্পতিবার মো. খোকন (২২) নামে আরো এক জনকে গ্রেপ্তার করেছে।
খোকন মিরপুর এলাকার আওয়ামী লীগ নেতা এবং ঢাকা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার মোস্তফা জামান রফিকের ছোট ভাই।
পুলিশ দাবি করেছে সে শ্রমিকদের বিক্ষোভে উসকানি দেয় এবং ভাঙচুরে অংশ নিয়েছিল। এর আগে বুধবার পুলিশ একই অভিযোগে ঝুট ব্যবসায়ী মুক্তার হোসেন (২৫) ও মেহেদী হাসান কল্লোলকে (২৭) গ্রেপ্তার করে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ভোর রাতে মিরপুর ১৩ নম্বর সেকশনের বাসা থেকে খোকনকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, "খোকন গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের সময় সরাসরি ভাঙচুরে অংশ নেয় এবং শ্রমিকদের রাস্তায় নামতে উসকানি দেয় বলে আমরা প্রমাণ পেয়েছি। এ ব্যাপারে আমাদের কাছে প্রত্যক্ষ সাক্ষী রয়েছে। সে পুলিশের সরকারি কাজে বাধাদান ও মারপিট এবং জরুরি ক্ষমতা বিধিমালা ভঙের অভিযোগে দায়ের করা দুটি মামলা এক নম্বর আসামি।"
গত শনিবার থেকে তিন দিন চলা শ্রমিদের বিক্ষোভ-ভাঙ্গচুরের ঘটনায় বুধবার গ্রেপ্তারকৃত দুই ঝুট ব্যাবসায়ীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কোন তথ্য পাওয়া গেছে কি না জানতে চাইলে আকরাম হোসেন বলেন, " বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।"
শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় পুলিশ রবি, সোম ও মঙ্গলবার কাফরুল থানায় মোট ছয়টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা হিসেবে কয়েকশ' শ্রমিককে আসামি করা হয়েছে। এদের বিরুদ্ধে জরুরি বিধিমালা ভঙ্গ, ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২১১১ ঘ.
bdnews24