২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়ের প্রয়োজনেই সীমানা পুনর্বিন্যাস হচ্ছে: সিইসি

নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের ক্ষমতা সংবিধানে ইসিকে দেওয়া আছে জানিয়ে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, বিভিন্ন স্থানে জনসংখ্যা অনেক বেড়েছে। তাই সময়ের প্রয়োজনেই আসন সীমানা পুনর্বিন্যাস করতে হচ্ছে। বুধবার নারায়ণগঞ্জে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2008, 01:51 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের ক্ষমতা সংবিধানে ইসিকে দেওয়া আছে জানিয়ে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, বিভিন্ন স্থানে জনসংখ্যা অনেক বেড়েছে। তাই সময়ের প্রয়োজনেই আসন সীমানা পুনর্বিন্যাস করতে হচ্ছে। বুধবার নারায়ণগঞ্জে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি জানান, রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন কাজ করে যাচ্ছে। আগামী নির্বাচনে প্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আটটি তথ্য দেওয়া বাধ্যতামূলক হবে বলেও তিনি জানান। সিইসি বলেন, ১৯৭২ সালে প্রণীত সংবিধানে নির্বাচন কমিশনকে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। ১৯৭২ সালে দেশের জনসংখ্যা ছিল ৭ কোটি, এখন তার দ্বিগুণ। গত ১৫/২০ বছরে ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বড় শহরগুলোতে জনসংখ্যা অনেক বেড়েছে। সময়ের বিবর্তনে তাই সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করতে হচ্ছে। আসন সংখ্যা পুনর্বিন্যাসের পক্ষে যুক্তি তুলে ধরে সিইসি বলেন, ২০০১ সালে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৯১ হাজার। এবার ইতোমধ্যেই ৬ লাখ ৩০ হাজার ফরম বিতরণ হয়েছে। সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নেই ৯০ হাজার ফরম বিতরণ হয়েছে। এ ইউনিয়নে যত ভোটারের বসবাস, অনেক সংসদীয় আসনেও এত লোক হয় না। নির্বাচন কমিশন ইতোমধ্যে সংসদীয় তিনশ আসন পুনর্বিন্যাসের কাজ শুরু করেছে। এতে ঢাকা জেলায় আসন সংখ্যা বাড়ছে সাতটি। সামগ্রিকভাবে ঢাকা বিভাগে চারটি আসন বাড়ছে। চট্টগ্রাম বিভাগে একটি, বরিশালে দুটি ও খুলনায় একটি করে আসন কমছে। সিলেট ও রাজশাহী বিভাগে আসন সংখ্যা অপরিবর্তিত থাকবে। শাসসুল হুদা জানান, আগামী সংসদ নির্বাচনে প্রার্থীদের সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আটটি তথ্য ইসিকে দিতে হবে। ভোটাররা যাতে প্রার্থীদের সম্পর্কে জেনে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন সেজন্য ইসি এসব তথ্য জনগণের সামনে উন্মুক্ত করে দেবে। সিইসি বলেন, আগামী নির্বাচনে কোনও কেন্দ্রে যত ভোটার ঠিক ততটি ব্যালট পেপার পাঠানো হবে। ফলে অতীতের মতো ভুয়া ব্যালট পেপার সিল মেরে বাক্সে ঢুকিয়ে কারচুপির সম্ভাবনা থাকবে না। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। নারীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ পরিলক্ষিত হয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী আইন সংস্কারে কমিশনের কর্মকাণ্ডে এক মত হয়েছে বলে সিইসি জানান। ফতুল্লার কুতুবপুরের দেলপাড়ায় হাজী মিছির আলী ডিগ্রি কলেজে প্রাঙ্গণে বক্তৃতা শেষে সিইসি উপস্থিত মানুষের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে তিনি বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন এবং ছবি তোলার কার্যক্রম পরিদর্শন করেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. ফাইজুল কবীর, পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহসহ জেলা নির্বাচন ও প্রশাসনিক কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৪০ ঘ.