২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেন্টাল পাওয়ার প্ল্যান্টের সঙ্গে এ সপ্তাহেই চুক্তি

রেন্টাল পাওয়ার প্ল্যান্টের (আরপিপি) সঙ্গে এ সপ্তাহেই চুক্তি সম্পাদন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তি সম্পাদনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার পাওয়ার সেল, পিডিবি ও আরপিপির কর্মকর্তারা মন্ত্রণালয়ে বৈঠক করেন। এতে চুক্তির নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। চুক্তি সম্পাদনের সর্বোচ্চ চার মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার শর্ত থাকছে তাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 02:55 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

মারুফ মল্লিক স্টাফ করসপনডেন্ট, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রেন্টাল পাওয়ার প্ল্যান্টের (আরপিপি) সঙ্গে এ সপ্তাহেই চুক্তি সম্পাদন করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তি সম্পাদনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার পাওয়ার সেল, পিডিবি ও আরপিপির কর্মকর্তারা মন্ত্রণালয়ে বৈঠক করেন। এতে চুক্তির নীতিমালা নিয়ে আলোচনা করা হয়। চুক্তি সম্পাদনের সর্বোচ্চ চার মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করার শর্ত থাকছে তাতে। বিদ্যুৎ বিভাগের সচিব ড. এম ফাওজুল কবির খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'একদিনের মধ্যে চুক্তি সম্পাদিত হবে। সাতটি বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। চুক্তি সম্পাদনের সর্বোচ্চ ১২০ দিনের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে হবে। এ বছরের শেষ নাগাদ দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫০০০ মেগাওয়াট হবে বলে আশা করা যাচ্ছে।" ৬ জানুয়ারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সাতটি ভাড়ায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়। ভোলায় ৩০ মেগাওয়াট, বগুড়ায় ২০ মেগাওয়াট, ভেড়ামারায় ২০ মেগাওয়াট, ফেঞ্চুগঞ্জে ৫০ মেগাওয়াট, খুলনায় ৪০ মেগাওয়াট, শাহজীবাজারে ৫০ মেগাওয়াট এবং সিলেটের কুমারগাঁও এ ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ভেড়ামারা ও খুলনায় ডিজেল চালিত প্লান্ট স্থাপন করা হবে। বাকীগুলো গ্যাস দিয়ে চালানো হবে। গ্যাসের সহজলভ্যতা এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করার সুবিধা বিবেচনা করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আটটি স্থান নির্বাচন করা হয়। এর মধ্যে আশুগঞ্জের জন্য প্রস্তাবটি অনুমোদন দেয়নি কমিটি। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এনার্জি প্রিমা, অলস্টম পাওয়ার কোম্পানী, কাল্টিম্যাক্স ও জিবিবি কনসোর্টিয়াম এবং এগ্রিকো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে। রেন্টাল পাওয়ার স্টেশন হিসাবে পরিচিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য জমি বরাদ্দ দিবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সরকার সেখানে সহজ শর্তে গ্যাস সরবরাহ করবে। বহনযোগ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। অবস্থান অনুযায়ী সুবিধাজনক বার্জ, স্কিড অথবা টেইলর মাউন্টেড এ তিন ধরনের কেন্দ্র স্থাপন করা হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, এর আগেও রেন্টাল পাওয়ার স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য দরপত্র আহ্বান ও চুক্তি স্বাক্ষরিত হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। দরপত্র খোলার পর দরদাতা প্রতিষ্ঠান কিছু শর্ত দাবী করে। তবে সরকারের পক্ষে সেসব শর্ত মানা সম্ভব না হওয়ায় এ সংক্রান্ত কার্যক্রম থেমে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/২০৪৮ঘ.