ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জ, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ১১ জন নিহত ও শতাধিক আহত হয়েছে।
গোপালগঞ্জে মঙ্গলবার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে চারজন নিহত হন। পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালকসহ নিহত হন তিনজন। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোররাতে বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হন এবং চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছেন আরো একজন। আর গাইবান্ধায় মোটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দি এলাকায় মঙ্গলবার দুপুরে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে পুলিশ কর্মকর্তাসহ চার জন নিহত ও ৩০ জন আহত হন।
নিহতরা হলেন, পটুয়াখালী সদর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এবিএম গোলাম কিবরিয়া (৪৫), রাজবাড়ী জেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের গৃহবধু সাজিদা পারভীন (৪০)। এছাড়া নিহত দুই মহিলার পরিচয় পাওয়া যায়নি। নিহত পুলিশ কর্মকর্তার বাড়ি পাবনা জেলার পরিদপুর থানার দেওভোগ গ্রামে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মাহমুদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ডোমারকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে যাওয়ার পথে অপর এক মহিলার মৃত্যু হয় বলে তিনি জানান। আহত হয়েছেন বাসের অপর ৩০ যাত্রী।
গুরুতর আহতদের রাজৈর থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোবরা এলাকায় বাস ও নসিমনের মধ্যে মুখোমুখী সংঘর্ষে ৫ নসিমন যাত্রী আহত হয়েছে। আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নাসিরউদ্দীনকে (৫০) সংকটজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বান্দ্রা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে একটির চালক শহীদুল ইসলাম (৩৫), সুরমা (২) ও অজ্ঞাত এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে।
দুর্ঘটনায় দুটি বাসের কমপক্ষে অর্ধশত যাত্রী আহত হন। তাদের কলাপাড়া ও আমতলী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল খালেক জানান, খন্দকার পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে কলাপাড়া এবং পর্যটক পরিবহন কলাপাড়া থেকে পটুয়াখালী যাচ্ছিল।
দুর্ঘটনায় বাস দুটি দুমড়ে মুচড়ে যায়। খন্দকার পরিবহনের মালিক খন্দকার ইমাম হোসেন নাসির নিহত শহীদকে তার বাসের চালক বলে নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, সরাইল উপজেলার গোগদ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার ভোররাতে বাস ও ট্রাকের সংঘর্ষে দু'জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহত ১৭ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখলাক হোসেন জানান, ভোররাতে সিলেট থেকে ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস গোগদ এলাকা অতিক্রমের সময় বিকল একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত দুই নারী-পুরুষের মৃত্যু হয়।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
গুরুতর আহত সুনামগঞ্জের আজিজুর রহমান, স্বাধীন, মইনুল, আবদুল করিম, রিপন, আবদু মিয়া, রফিক, আবিদ, হাবিব, উজ্জ্বল, মাগুরার রুহুল অমীন, সিরাজগঞ্জের মমিন, রাজবাড়ির নাসির, সিলেটের কামাল মিয়া, মুক্তাগাছার আজাহার, হবিগঞ্জের আফরুজ আলী ও সাদিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার গ্রামে সোমবার রাতে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরুল ইসলাম (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি পৌর এলাকার নমোশঙ্কর বটি মহল্লায়।
সদর থানার সহকারি উপ পরিদর্শক আতাউর রহমান জানান, রাত ৯টার দিকে কামরুল মোটর সাইকেলে করে নাচোল থেকে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে বিপরীতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ভুড়ারঘাট এলাকায় সোমবার রাতে এক সড়ক দুর্ঘটনায় কাশভান বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘাগোয়া গ্রামে।
সুন্দরগঞ্জ থানার উপ পরিদর্শক মকবুল হোসেন জানান, কাশভান বেওয়া সুন্দরগঞ্জ থেকে বাড়ি ফেরার সময় ভুড়ারঘাটে একটি মটর সাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। মটর সাইকেল চালক পালিয়ে যায়। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/১৯৩৫ ঘ.
bdnews24