জাবি, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত নাট্যকার ও অধ্যাপক সেলিম আল দীনকে সমাহিত করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে। সেলিম আল দীন স্মরণে সাত দিনের কর্মসূূচি ঘোষণা করেছে তারই হাতে গড়া বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় সেলিম আল দীনের সমাধিস্থল নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্য সৈয়দ আলী আহসান ও আফম কামাল উদ্দিনের কবর যে স্থানটিতে রয়েছে, সেখানেই সমাধিস্থ করা হবে সেলিম আল দীনকে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মুনিরুজ্জামান ও প্রক্টর সৈয়দ কামরুল আহসান মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান। সিন্ডিকেট সভার পর এ দুই জন সহ প্রশাসনিক কর্মকর্তারা কবরের জায়গা ঘুরে দেখেন।
জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে অস্থায়ী প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে।
আগামী ১৯ জানুয়ারি কেন্দ্রীয় মিলনায়তনে শোকসভা করার সিদ্ধান্তও নিয়েছে সিন্ডিকেট।
সভায় আরও সিদ্ধান্ত হয়, বুধবার দুপুরে ঢাকা থেকে কফিন আনার পর তা প্রথমে সেলিম আল দীনের বাসায় নেওয়া হবে। পরে তা নাট্যতত্ত্ব বিভাগ হয়ে মুক্তমঞ্চে রাখা হবে। সেখানে ক্যাম্পাসবাসী তার প্রতি শেষ শ্রদ্ধা জানাবে। বাদ আসর কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা শেষে মরদেহ দাফন করা হবে।
বুধবার দুপুর ১২টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্তও হয়েছে।
সোমবার সেলিম আল দীনের মৃতে্যুর খবর আসার পরপরই গোটা ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকাল ১০টায় কালোব্যাজ পরে শোক শোভাযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। এতে বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।
নাট্যতত্ত্ব বিভাগ বৃহস্পতিবার বিকাল ৪টায় ক্যাফেটেরিয়ায় কুলখানির আয়োজন করেছে। বিভাগের উদ্যোগে রোববার মুক্তমঞ্চে শোকসভা হবে। এছাড়া পুরনো কলাবভনের সামনে স্মরণমঞ্চ স্থাপন করে সপ্তাব্যাপী আলোচনা সভা ও জীবনকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৪ ঘ.
bdnews24