ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগ্য ও সৎ প্রার্থী নির্বাচনে জনমত গড়ে তোলার অঙ্গীকার নিয়ে রাজনৈতিক মোর্চা গঠন করে আগামী নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে নতুন সংগঠন 'সামাজিক রাজনৈতিক আন্দোলন'।
জাতীয় প্রেসক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ ঘোষণা দেন। তারা রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনে রাজনৈতিক বিশ্লেষক সিরাজুল আলম খানের ১৪ দফা প্রস্তাবও তুলে ধরেন।
সংগঠনের সমন্বয়ক আবদুল বাতেন চৌধুরী বলেন, "১১ জানুয়ারির আগের অবস্থায় দেশকে আর ফিরিয়ে নেওয়া যাবে না। রাষ্ট্রব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে দেশে নতুন ধারার রাজনীতি চালু করা সম্ভব। এ লক্ষ্যে আমরা রাজনৈতিক মোর্চা গঠন করে যোগ্য ও সৎ প্রার্থী মনোনয়ন দিয়ে আগামী নির্বাচনে অংশ নেব।"
তিন পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি সাবেক জাসদ নেতা সিরাজুল আলম খানের দেওয়া ১৪ দফা রাজনৈতিক প্রস্তাব বিস্তারিতভাবে তুলে ধরেন। ওই প্রস্তাবে ফেডারেল সরকার ব্যবস্থা, দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে জাতীয় ঐকমত্যের সরকার গঠন, ৭/৯টি প্রদেশ গঠন, রাষ্ট্রপতির নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কাউন্সিল, বিচার বিভাগীয় কাউন্সিল ও সাংবিধানিক আদালত, বাংলাদেশ, নেপাল, ভুটান, ভারতের পূর্বাঞ্চল, মিয়ানমারের দক্ষিণাংশ এবং চীনের 'কেনমিং' প্রদেশ নিয়ে আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠনের কথা বলা হয়েছে।
জাসদ ও জাতীয় পার্টির এক সময়ের নেতা হুমায়ুন কবীর হিরু বলেন, "এ সংগঠনের মাধ্যমে নতুন ধারার রাজনীতির সূচনা হবে। ১১ জানুয়ারির পর আরও কয়েকটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে, আমরা তাদের সাধুবাদ জানাই।"
নির্বাচনে 'সামাজিক রাজনৈতিক আন্দোলন'র পক্ষ থেকে যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুমায়ুন কবীর জানান।
সংবাদ সম্মেলনে সাবেক ঢাকার উপ-মেয়র শামসুজ্জামান মিন্টু, আ ফ ম ইকবাল, আনিসুজ্জামান, সাবেক সাংসদ গোলাম মোস্তফা, আবদুল মতিন, রেহানা আক্তার, গাজী আবদুল হাই, মনির হোসেন, নজির আহমেদ ভূঞা, মহিউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।
গত ১১ সেপ্টেম্বর 'সামাজিক রাজনৈতিক আন্দোলন' নামে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত এক বছরে এ নিয়ে সাতটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। অপর দলগুলো হচ্ছে, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), গার্ডিয়ান পার্টি, প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), কল্যাণ পার্টি, নয়া সমাজ দল ও ন্যায়পন্থী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/এমএ/১৩৩৪ ঘ.
bdnews24