২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির শিক্ষক-ছাত্ররা মঙ্গলবার রায়ের পরপরই মুক্তি পাবেন: শিক্ষা উপদেষ্টা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও ছাত্ররা মঙ্গলবার রায়ের পরপরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, সোমবারের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। এরপর তাদের মুক্তি এবং শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও ছাত্ররা মঙ্গলবার রায়ের পরপরই মুক্তি পাবেন বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেছেন, সোমবারের মধ্যেই আইনি প্রক্রিয়া শেষ করে মঙ্গলবার রায় ঘোষণা করা হবে। এরপর তাদের মুক্তি এবং শিক্ষকদের চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা করা হবে। রোববার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন নাট্যকার সেলিম-আল-দীনকে দেখার পর এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা এরপর রাত ৯টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "রায় দেওয়ার পরপরই তাদের মুক্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।" ল্যাবএইডে হোসেন জিল্লুর বলেন, রোববার সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাগুলোতে আগামীকাল (সোমবার) থেকে আর কোনো সাক্ষ্যগ্রহণ করা হবে না। কালকের মধ্যেই মামলার আইনি প্রক্রিয়া শেষ করা হবে এবং পরশু (মঙ্গলবার) রায় ঘোষণা করা হবে। তিনি জানান, উচ্চ পর্যায়ের ওই বৈঠকে শিক্ষা সচিব মমতাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজও উপস্থিত ছিলেন। নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টা বলেন, বৈঠকে সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারাবন্দি শিক্ষক ও ছাত্রদের বিষয়টি স্বল্পতম সময়ের মধ্যে সমাধান এবং তাৎক্ষনিকভাবে শিক্ষকদের চাকরিত পুর্নবহালের সিদ্ধান্ত হয়। তিনি বলেন, মামলায় আগামীকাল আরও ১৫ জনের সাক্ষ্য নেওয়ার কথা ছিল। তাদের সাক্ষ্য গ্রহণ বন্ধ করে আগামীকালই আইনিপ্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে। হোসেন জিল্লুর আশা প্রকাশ করেন, শিক্ষক ও ছাত্রদের মুক্তি নিশ্চিত হলে কয়েক দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, "আমাদের সদিচ্ছার কোনো ঘাটতি নেই। তবে কোনো কোনো মহলের আমাদের উপর আস্থার ঘাটতি থাকতে পারে। সরকার মনে করে দেশ ও জাতির সামনে এখন একটি সুস্থ পরিবেশ খুবই কাম্য। আমরা সে লক্ষেই কাজ করছি।" এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ জানান, সরকার কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। তিনি ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে রোববার সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর ক্যাম্পাসে ফিরে সাংবাদিকদের এ কথা বলেন। উপাচার্য এও বলেন "মামলার রায়ে তাদের মুক্তি হলে ভাল। তা না হলে মুক্তির ব্যাপারে সরকারের সহযোগিতার অভাব হবে না।" প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে বিকেলে উপাচার্য কেন্দ্রীয় কারাগারে চার শিক্ষকের সঙ্গে দেখা করেন। পরে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'' আমার সঙ্গে চার শিক্ষকের এক ঘন্টার বেশি সময় ধরে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তু ছিল ছাত্র-শিক্ষকদের মুক্তি। সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে আমার আলোচনার ফলাফল তাদের বলেছি।'' এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কারাবন্দি ছাত্র শিক্ষকদের ১৮ জানুয়ারির মধ্যে মুক্তি দেওয়া না হলে প্রতিটি স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববারও দুই ঘণ্টা ক্লাশ বর্জন, সংহতি সমাবেশ ও মৌন মিছিল করেছে। সেইসঙ্গে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাশ বর্জন, ১৪ জানুয়ারি গণস্বাক্ষর কর্মসূচী, ১৫ ও ১৬ তারিখ ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবীদের নিয়ে সংহতি সমাবেশ এবং ১৭ জানুয়ারি পুরো ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এআরএইচ/এমএইচবি/২১৩২ ঘ.