ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি নেতা তারেক রহমানের রিমান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা আবেদনের ব্যাপারে সোমবার আদেশ দেবে আদালত।
রোববার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ তারেকের এ আবেদনটির ওপর আংশিক শুনানি গ্রহণ করে। সোমবারও শুনানি হওয়ার পর আদেশ দেবেন আদালত।
তারেকের আইনজীবী হাবিবুল ইসলাম ভুঁইঞা সাংবাদিকদের জানিয়েছেন, তারেকের সার্বিক অবস্থা জানাতে হাইকোর্ট সরকারকে মৌখিক নির্দেশ দিয়েছে।
গত ৯ জানুয়ারি একটি চাঁদাবাজির মামলায় তারেক রহমানকে একদিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এহসানুল করিমের আদালত।
বুধবার তারেক রহমান এই রিমান্ড স্থগিত ও বাতিলের আবেদন জানান।
রোববার তার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও অ্যাডভোকেট হাবিবুল ইসলাম ভুঁইঞা।
তারা শুনানিতে বলেন, তারেক রহমানকে এর আগে রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার হাত-পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। তারেকের জীবন এখন হুমকির সম্মুখীন -একথা দাবি করে তারা বলেন, ফের রিমান্ডে নিলে তার জীবনহানির আশংকা রয়েছে।
গত ৯ জানুয়ারি রিমান্ডের আবেদনের ওপর শুনানির সময় তারেক আগের এক রিমান্ডে তার ওপর 'পাশবিক নির্যাতনের' যে বর্ননা দেন শুনানিতে তার আইনজীবীরা সেকথা উল্লেখ করেন। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ তারেকের আবেদনের বিরোধিতা করে বক্তব্য রাখেন।
গত ২৭ মার্চ গুলশান থানায় ঠিকাদারী প্রতিষ্ঠান রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক খান মো: আফতাবউদ্দিন মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে তারেকের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন এবং খায়রুল কবির খোকন, ওবায়দুল কাদের সোহেল, কামরুজ্জামান, হাবলু, মাহবুব ও মোটা তারেকের বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ আনা হয়।
গিয়াস উদ্দিন আল মামুনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে তারেক রহমানকে এ মামলায় গত বছরের ২৩ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়।
গত ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০২০ঘ.
bdnews24