ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়া এবং বিদেশে টাকা গচ্ছিত রাখার অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে রোববার মামলা করেছে দুুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক মীর্জা জাহিদুল আলম রমনা থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারের বরাত দিয়ে রমনা থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবর তার ঘোষিত আয়ের বাইরে প্রায় ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার টাকার সম্পদের মালিক হয়েছেন। এছাড়া প্রায় ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার টাকা তিনি বিদেশে গচ্ছিত রেখেছেন।
২০০৭ সালের ২২ মে লুৎফুজ্জামান বাবরকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর সদস্যরা। তিনি বর্তমানে অন্য মামলায় কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এসকে/১৮৫৫ ঘ.
bdnews24