ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ অমান্য করায় বগুড়ার শাজাহানপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিককে ছয় মাস কারাদণ্ড দিয়েছে আদালত।
বগুড়া প্রথম সহকারী জজ মো. শওকত আলী রোববার এ সাজা দেন। রায়ে আবু বকর সিদ্দিককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাস কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতের রায়ে একই অভিযোগে একই সাজা দেওয়া হয়েছে মাঝিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামকেও। তবে রায়ে দুই আসামির 'সিভিল জেল'র কথা উল্লেখ করা হয়।
এ বিষয়ে বগুড়ার প্রবীণ আইনজীবী রেজাউল করিম মুন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিভিল জেল এর অর্থ হচ্ছে, জেলখানায় থাকাকালীন আসামির খাওয়া-পরা বাবদ যে খরচ হবে, তা বাদিকে বহন করতে হবে। রাষ্ট্র এ ব্যয় বহন করবে না।"
রায়ের সময় দুই আসামির কেউই আদালতে উপস্থিত ছিলেন না। আবু বকর সিদ্দিক বর্তমানে মেহেরপুর জেলায় এডিসি (রাজস্ব) পদে কর্মরত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, মাঝিরা বন্দরের ইসহাক আলীর ৪৭ শতাংশ জমির কিছু অংশ সরকারি সম্পত্তি বলে দাবি করে ২০০৪ সালের প্রথম ভাগে শাজাহানপুরের তৎকালীন ইউএনও আবু বকর ও চেয়ারম্যান আব্দুস সালাম সেখানে গণ শৌচাগার নির্মাণের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৪ এপ্রিল ইসহাক আলী আদালতে নালিশ জানালে নিম্ন আদালত ওই স্থানে যে কোনও স্থাপনা নির্মাণের ওপর নিষেধাজ্ঞা জারি করে।
এনিয়ে প্রশাসনের পক্ষ থেকে আপিল করা হলেও উচ্চ আদালত সে নিষেধাজ্ঞা বহাল রাখে। এদিকে ইসাহাক আলীর মৃত্যুর পর হাইকোর্টের রায় উপেক্ষা করে ওই জমির ওপর উপজেলা প্রশাসন গণশৌচাগার নির্মাণ করলে ইসহাক আলীর স্ত্রী রাহেলা বিবি বগুড়ার প্রথম সিনিয়র জজ আদালতে মামলা করে। ওই মামলার পরিপ্রেক্ষিতে আদালত রোববার রায় দেয়।
আদালত ওই জমিতে নির্মিত স্থাপনা সরিয়ে ফেলারও নির্দেশ দিয়েছে।
রায়ের পর আসামি পক্ষের আইনজীবী সৈয়দ রেজা জানিয়েছেন, তারা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০১ ঘ.
bdnews24