ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বেতন-ভাতা বাড়ানো ও ওভারটাইমসহ বিভিন্ন দাবিতে রাজধানীর রোকেয়া সরণিতে কিম্বার্লি নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রোববার বিক্ষোভ করেছে। (সংশোধিত)
পরে বিজিএমই ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকের পর মালিকপক্ষ কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কাজে যোগ দেয়।
মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিকপক্ষের সঙ্গে লিখিতভাবে সমঝোতা হয়েছে। শ্রমিকদের দাবি মেনে নেয়া হয়েছে এবং তারা কাজে যোগ দিয়েছেন। তবে নিরাপত্তার কারণে এখনও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান তিনি।
কিম্বার্লি গার্মেন্টসের ব্যবস্থাপক সাদিকুর রহমান বলেন, "শ্রমিকদের সঙ্গে সমঝোতা হয়েছে। প্রতি মাসের সাত তারিখে বেতন, শ্রম আইন অনুযায়ী ছুটি, একশ' ভাগ ঈদ বোনাস, হাজিরা বোনাসসহ আরও বিভিন্ন দাবি মেনে নেওয়া হয়েছে"
শ্রমিক রোকেয়া বেগমও জানান, লিখিত সমঝোতার মাধ্যমে মালিকপক্ষ তাদের দাবি মেনে নিয়েছেন।
বেতন-ভাতা বৃদ্ধি ও ওভারটাইমসহ ১১ দফা দাবিতে শ্রমিকরা সকাল ১০টা থেকে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। এসময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে। ওই এলাকায় তীব্র যানজট হয়। পুলিশ এ সময় লাঠিচার্জ করলে কয়েকজন শ্রমিক ও পথচারি আহত হয়। গার্মেন্টসের ভেতরেও পুলিশ লাঠিচার্জ করছে এ গুজব ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি করে সাত তলার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রুবি ও রেখা নামে দুই শ্রমিক গড়িয়ে পড়ে আহত হয়। পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
এর আগে শনিবার (১২ জানুয়ারি) ও ২ জানুয়ারি একই এলাকার গার্মেন্টস শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এএনএস/আরএ/এসকে/১৬১১ঘ.
bdnews24